সংস্কার করা একটি হাসপাতালকে ‘শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল’ নামে নতুনভাবে চালু করেছে রংপুর সিটি করপোরেশন। এখানে নগরীর মা ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে। পর্যায়ক্রমে হাসপাতালটি ২০ শয্যায় উন্নীত করার পাশাপাশি সিজারিয়ান অপারেশনের ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে হাসপাতালটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ‘শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল’ থেকে রংপুর নগরীর লক্ষাধিক মা ও শিশু স্বাস্থ্যসেবা পাবেন। সপ্তাহে তিন দিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেবেন। পাশাপাশি প্রতিদিন শিশুদের বিভিন্ন ধরনের টিকাদান কার্যক্রম চলবে।
পর্যায়ক্রমে বাড়বে সেবার পরিধি
হাসপাতালটিতে পর্যায়ক্রমে সিজারিয়ান অপারেশন চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে। শিগগিরই এখানে একজন শিশু বিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেবেন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান ইবনে তাজ, ডা. ইসমত নিগার স্বপ্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
তিন ওয়ার্ডের মা-শিশুরা পাবেন সেবা
অনুষ্ঠানে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, এখানে বিশেষজ্ঞ চিকিৎসক গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা দেবেন। প্রতিদিন টিকাদান কার্যক্রমও চলছে। শিগগিরই শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হলে সেবার পরিধি আরও বাড়বে।
তিনি বলেন, ‘আমরা চাই প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। সে লক্ষ্যে রংপুর নগরীর মাহিগঞ্জসহ আশপাশের তিনটি ওয়ার্ডের মা ও শিশুরা শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল থেকে প্রাথমিক সেবা পাবেন।’
প্রশাসক আরও বলেন, হাসপাতালটি চালু হওয়ায় মাহিগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসা নিতে ভোগান্তি কমবে। এসব এলাকার রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করতে হবে না।

