কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ মহিলা এ দলকে ২-১ সেটে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহিলা এ দল। একই প্রতিযোগিতায় আনসার মহিলা বি দল তৃতীয় স্থান অর্জন করেছে।
জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে শিরোপা জিতে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ১৮ থেকে ২২ নভেম্বর কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদের দক্ষতা, কৌশল ও দৃঢ় মনোবলের পরিচয় দেন বাহিনীর নারী খেলোয়াড়রা।
ফাইনালে বাংলাদেশ পুলিশ মহিলা এ দলকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আনসার ও ভিডিপি মহিলা এ দল।
মহাপরিচালকের অভিনন্দন
এ অর্জনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকেও শুভেচ্ছা জানিয়ে তিনি খেলাধুলায় সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁর আশা, এ বিজয় বাহিনীর খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে এবং জাতীয় ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে।
নারী বিভাগে চ্যাম্পিয়ন ও তৃতীয় আনসার
১৮ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে ১২টি এবং পুরুষ বিভাগে ২৪টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় আনসার ও ভিডিপির নারী ও পুরুষ দলগুলো দক্ষতা, নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে।
নারী বিভাগে মহিলা এ দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মহিলা বি দল তৃতীয় স্থান অর্জন করে।
পুরুষ বিভাগেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স
পুরুষ বিভাগেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে আনসার ও ভিডিপির দলগুলো। এ বিভাগে আনসার ও ভিডিপি বি দল চতুর্থ স্থান অর্জন করে। অন্যদিকে, পুরুষ এ দল কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে।
বাহিনীর দলগুলোর এ পারফরম্যান্স খেলোয়াড়দের প্রস্তুতি, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং ক্রীড়া উৎকর্ষ সাধনে ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন।
জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনেও সাফল্যের ধারা বজায় রাখছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে বাহিনীর সক্রিয় অংশগ্রহণ এবং অর্জন জাতীয় পর্যায়ে বাহিনীর গৌরবকে আরও সমুন্নত করছে।

