সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ বেড়ে ওঠা ও মানসম্মত শিক্ষায় গুরুত্ব দিতে হবে: ডেপুটি স্পিকার

শিশুরা যেন উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে নজর রাখার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, শিশুদের যথাযথভাবে গড়ে তোলার ওপরই নির্ভর করছে দেশের আগামীর পথচলা।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, একটি শিক্ষিত ও উন্নত জাতি বিনির্মাণ করতে হলে সন্তানদের যথাযথভাবে গড়ে তুলতে হবে। দেশের আগামীর পথচলা নির্ভর করে শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ বেড়ে ওঠা ও মানসম্মত শিক্ষার ওপর।

তিনি বলেন, কোনো শিশুই যেন মূলধারার উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে বিশেষ নজর রাখতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলডিসি প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অবহেলিত শিশুর সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ’ স্লোগান সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১৬টি এলডিসি শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ময়মনসিংহ ক্লাস্টার এ সমাবেশের আয়োজন করে।

শিশুদের বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

লোকাল সেন্টার কমিটি (এলসিসি) বিরিশিরি বিডি-৪০২ প্রকল্পের সভাপতি রেভা. স্টিফেন আশীষ রেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেপুটি স্পিকার বলেন, এ জনপদের শিশুদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় করতে হবে।

শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং নৈতিক ও সামাজিক মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে রেভা. স্টিফেন আশীষ রেমা বলেন, প্রতিটি শিশুই অসীম সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসে। তাদের বিকশিত হওয়ার জন্য প্রয়োজন একটি নিরাপদ, মমতাময় ও সহায়ক পরিবেশ। সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিছাম, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের (জিবিসি) নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

রোগীদের আর্থিক সহায়তা ও হুইলচেয়ার বিতরণ

সমাবেশ শেষে ডেপুটি স্পিকার দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সেখানে তিনি ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে এককালীন আর্থিক সহায়তা ও হুইলচেয়ার বিতরণ করেন। পাশাপাশি দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন