সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ধরা পড়ল নানা অনিয়ম,৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় শিল্পকারখানার রং খাবারে ব্যবহারের জন্য বিক্রির দায়ে।

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বাসি ও পচা খাবার সংরক্ষণ, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাদ্যে ব্যবহারের উদ্দেশ্যে শিল্পকারখানার রং বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৩ নভেম্বর) নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

শিল্পকারখানার রং বিক্রি, জরিমানা দেড় লাখ

অভিযানে ফজল দিন ইকবাল দিন নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানায় ব্যবহৃত রং বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

ফ্রিজে পচা ও বাসি খাবার সংরক্ষণ

ফ্রিজে রান্না করা পচা ও বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে পূরবী হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে হোটেলটির ফ্রিজে বাসি সবজি, তরকারি, গ্রিল ও বিরিয়ানিসহ বিভিন্ন খাবার পাওয়া যায়। এমনকি অন্যের খাওয়ার পর প্লেট থেকে তুলে রাখা ভাতের সঙ্গে মেশানো মাংসও সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া খাবার তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের ক্ষেত্রে অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পাওয়া যায়।

অন্যদিকে, পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল ব্যবহার করে খাবার ভাজার দায়ে বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান অব্যাহত রাখার ঘোষণা

অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল সার্বিক সহযোগিতা করে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন