মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, বাস ভাঙচুরের চেষ্টায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ, বাস ভাঙচুরের চেষ্টার অভিযোগ

আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কারখানায় ছুটির পর সড়কে শ্রমিকদের বিক্ষোভ

প্রত্যক্ষদর্শী সেলিমের অভিযোগ, সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন। এ সময় তারা আশপাশের চালু কারখানাগুলোতে হামলার চেষ্টা করেন। যেসব কারখানার শ্রমিকেরা দেরিতে বের হচ্ছিলেন, তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

সেলিমের বর্ণনা অনুযায়ী, অন্য কারখানার শ্রমিকেরা কেন কাজ বন্ধ না করে কাজ চালিয়ে যাচ্ছেন, সেই ক্ষোভ থেকেই তাদের ওপর হামলা করা হচ্ছিল। এমনকি রিকশা থেকে নামিয়েও শ্রমিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

২০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আজ কিছু কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন। এতে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

শ্রমিকদের কর্মবিরতির মুখে সোমবার আশুলিয়ায় ২০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানাগুলো হলো—সাদাতিয়া সোয়েটার লিমিটেড, স্টারলিং অ্যাপারেলস লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন লিমিটেড, হলিউড গার্মেন্টস লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, এ এম ডিজাইন লিমিটেড, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড, ভার্চুয়াল বটমস লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন লিমিটেড, আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড, ওয়াইপি লিমিটেড ও কমপ্লিট কম্পোজিট লিমিটেড।

এর আগে শিল্পাঞ্চল পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া দিনের শুরুতে জানিয়েছিলেন, শ্রমিকদের কর্মবিরতির মুখে নয়টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে কাজ না করে বসে ছিলেন।

২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সময়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গতকাল রোববার (২২ নভেম্বর) শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে ওই দিন সড়ক অবরোধ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।

শিল্প পুলিশের আশা, পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলে কর্মবিরতির কারণে ছুটি ঘোষণা করতে বাধ্য হওয়া কারখানার সংখ্যা আরও কমে আসবে।

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শিল্প পুলিশ-১-এর আওতাধীন এলাকায় বিভিন্ন খাতের মোট ১ হাজার ৭২৩টি কারখানা রয়েছে। এর মধ্যে ৭৩৬টি তৈরি পোশাক কারখানা, যার ৪৭০টি রপ্তানিমুখী।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন