তথ্য যাচাই, অস্ত্র উদ্ধার ও মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে চায় ডিবি
জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক পাঁচটি কারণ উল্লেখ করে এ আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।
রিমান্ড আবেদনে ডিবির পাঁচ কারণ
সাঈদ খোকনকে ফের রিমান্ডে নেওয়ার আবেদনে ডিবি পাঁচটি কারণ উল্লেখ করেছে। সেগুলো হলো—
- সাঈদ খোকনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা।
- তাঁর শনাক্ত মতে অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা।
- মামলার ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের অবস্থান শনাক্ত করা।
- মামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা।
- হত্যাকাণ্ডের মূল রহস্য এবং মূল পরিকল্পনাকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাঁদের গ্রেপ্তার করা।
১৭ নভেম্বর আটক, প্রথম দফায় ৭ দিনের রিমান্ড
গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবি পুলিশের হাতে তুলে দেয় এসআরবি। ওই দিনই তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
যেভাবে হত্যা করা হয় মোতালেবকে
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর মোতালেব।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলাটি করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় সাঈদ খোকনের নামও রয়েছে।
সাঈদ খোকনের রাজনৈতিক পরিচয়
অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

