খুচরা বিক্রেতাদের দাবি, পরিবেশকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে; আমদানিকারক ও পরিবেশকদের দায় দেখছেন ভোক্তা অধিকার কর্মকর্তারা
মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার্সের এ ব্লকের চার নম্বর সড়কে এলপিজির খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ইউনিটি এনার্জি সলিউশন থেকে দরকষাকষি করে ১২ কেজির একটি সিলিন্ডার কিনেছেন প্রকাশক আলমগীর রুমি। সেখানে তিনি বলেন, “সরকার দাম দিছে একটা। দোকানে আরেকটা। সবগুলোই একই গ্যাস, একেকটার একেক দাম কেন, এই নিয়ে একটু ‘হট টক’ হল।”
রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু কমিশন নির্ধারিত দামেও খুচরা বাজারে মিলছে না এলপিজি। কোথাও ১২ কেজির সিলিন্ডার কিনতে সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের।
খুচরা বিক্রেতারা বাড়তি দামের জন্য পরিবেশকদের দায়ী করছেন। তাঁদের অভিযোগ, পরিবেশকদের কাছ থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। অন্যদিকে পরিবেশকদের দাবি, কিছু কোম্পানি বেশি দামে গ্যাস সরবরাহ করছে। আবার কিছু খুচরা বিক্রেতা নিজেদের ইচ্ছামতো দাম নিচ্ছেন।
আমদানিকারকদের বক্তব্য, বাজারে গ্যাস সরবরাহ করাই তাঁদের দায়িত্ব; নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তার ভাষ্য, কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের মধ্যে যোগসাজশ করে বেশি দামে এলপিজি বিক্রি করছেন।
বসিলা সিটি ডেভেলপার্সের এ ব্লকের ইউনিটি এনার্জি সলিউশনে ১২ কেজির ইউনি গ্যাস বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ টাকা, জিএমআই এলপিজি ২ হাজার ২৫০ টাকা, মেঘনা ফ্রেশ ২ হাজার ১০০ টাকা এবং ইউনাইটেড আই গ্যাস ২ হাজার ৫০ টাকায়।
দামের পার্থক্যের কারণ জানতে চাইলে দোকানটির পরিচালক মোহাম্মদ সজিব বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে। চাহিদা অনুযায়ী কোম্পানিগুলো গ্যাস দিচ্ছে। তবে পরিবেশকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
তাঁর ভাষায়, “আমরা বাড়তি নিচ্ছি না। যেমনে কিনছি তেমনে বেচতেছি। যেমন- আমরা কম কিনছি, কম বেচতেছি। ওরা কম দিলে আমরা কমে বেচব।”
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, দেশে এলপিজির গ্রাহকসংখ্যা ১ কোটির বেশি। এর মধ্যে প্রায় ৮৩ লাখ পরিবার। বছরে এলপিজির চাহিদা ১৮ লাখ টনের বেশি।
এলপিজি আমদানিকারকদের সংগঠন এলপিজি অপারেটরস অব বাংলাদেশের (লোয়াব) তথ্য বলছে, গত অক্টোবরে দেশে প্রায় ১ লাখ ৪২ হাজার টন এলপিজি আমদানি হয়েছে। সেপ্টেম্বরে আমদানি হয়েছিল ১ লাখ ৫৬ হাজার টন এবং আগস্টে ১ লাখ ৫৮ হাজার টন।
গত অক্টোবরে বাজারে এলপিজির সংকট তীব্র হলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত গ্যাস কিনতে হয় ক্রেতাদের। এ পরিস্থিতিতে চলতি মাসে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়িয়ে আরেক দফা দাম বাড়ায় সরকার।
গত ২ নভেম্বর বিইআরসি রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে ২ হাজার ৬০ টাকা। এরপরও ওই দামে গ্যাস পাচ্ছেন না ভোক্তারা।
রাজধানীর ঘাটারচর, বসিলা ও মোহাম্মদপুরের খুচরা বাজার ঘুরে দেখা যায়, দু-একটি কোম্পানির এলপিজি সরকার নির্ধারিত দামে পাওয়া গেলেও বেশিরভাগ কোম্পানির সিলিন্ডার কিনতে হচ্ছে বাড়তি দামে। কোথাও ১২ কেজির একটি সিলিন্ডারের দাম চাওয়া হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা।
বাজারের সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, যেসব প্রতিষ্ঠান সরাসরি আমদানি না করে অন্যদের কাছ থেকে গ্যাস কিনছে, তাদের মাধ্যমে বাজারে বেশি দামে বিক্রির প্রবণতা তৈরি হচ্ছে।
বসিলার ১২ নম্বর সড়কের বাসিন্দা ডালিম রেজা ৪৫ কেজির সিলিন্ডার ব্যবহার করেন। গত ২ নভেম্বর ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করে সরকার।
ওমেরা পেট্রোলিয়াম ছাড়া অন্য কোনো কোম্পানির গ্যাস ওই দামে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন ডালিম রেজা। তিনি বলেন, “ইউনির ছোট বোতলের (১২ কেজি) দাম কম রাখছে। কিন্তু বড় বোতল ৪০০ টাকা বেশি। দুইটা বোতল সরকারি রেটে পেলাম, ওমেরা আর ফ্রেশ।”
মোহাম্মদপুরের শের শাহ শুরি রোডের ‘থ্রি স্টার এলপিজি গ্যাস সাপ্লাই’ দোকানে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করে দেখা যায়, বেশিরভাগ ক্রেতা ফোনে যোগাযোগ করে গ্যাসের বোতল কিনছেন। এ সময় চারজন ক্রেতাকে সরাসরি এসে রিকশায় করে সিলিন্ডার নিয়ে যেতে দেখা যায়।
দোকানটিতে ১২ কেজির ডেলটা ও গ্রিন এলপিজি ২ হাজার ২৫০ টাকা এবং বসুন্ধরা ২ হাজার ২৮০ টাকায় বিক্রি করছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হারুন।
সরকারি দামের চেয়ে বেশি রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, “যমুনা, ইউনি, পেট্রোমেক্স, আই, টিএমএস ২ হাজার টাকায় কিনি। ২ হাজার টাকা খাটাই ৬০ টাকা লাভে পোষাইবো? এছাড়া আমি হোম ডেলিভারি দেই, আমার আরও ১০০ টাকা বেশি নিতে হচ্ছে।”
হারুনের অভিযোগ, পরিবেশকেরা বিক্রির সময় কোনো রশিদ দেন না। তাঁরা বেশি দামে গ্যাস বিক্রি করায় খুচরা পর্যায়েও বেশি দাম নিতে হচ্ছে। ইউনি ছাড়া অন্য কোম্পানিগুলো দাম কমাচ্ছে বলেও দাবি করেন তিনি। আগামী মাসে দাম আরও কমতে পারে বলে মনে করেন এই বিক্রেতা।
কেরানীগঞ্জের ঘাটারচরেও সব কোম্পানির এলপিজি বেশি দামে কিনতে দেখা যায় ভোক্তাদের।
কেরানীগঞ্জের চর ওয়াশপুরে ফ্রেশ এলপিজির ডিলার মেসার্স তসলিম এন্টারপ্রাইজের কর্তৃপক্ষ জানায়, গত অক্টোবরে এক গাড়ি গ্যাস পেতে পাঁচ থেকে সাত দিন অপেক্ষা করতে হয়েছে। তবে বর্তমানে এক দিনের মধ্যেই গ্যাসের গাড়ি গুদামে পৌঁছাচ্ছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তসলিম বলেন, “কোম্পানি থেকে যা চাই তাই গ্যাস দিচ্ছে। আমরাও ঠিক দামে দিচ্ছি।”
বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগের বিষয়ে তিনি বলেন, “সাধারণ গ্রাহকরা ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় কিনছেন। এটা আমরা জানি। কিছু খুচরা বিক্রেতা নিজেদের ইচ্ছামতো দামে বিক্রি করছেন।”
তাঁর দাবি, খুচরা দোকানে এলপিজি সিলিন্ডার বিক্রি সীমিত করা বা পরিবেশকদের মতো নিয়মিত কাগজপত্র যাচাই করা হলে ভোক্তারা সরকার নির্ধারিত দামে গ্যাস কিনতে পারবেন।
ওই পরিবেশকের বিপরীতে ইউনি, বেঙ্গল ও আই গ্যাসের পরিবেশকদের গুদাম রয়েছে। তবে বর্তমানে সেখানে ইউনি ও আই গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে।
বেঙ্গল ও আই গ্যাসের গুদামের ব্যবস্থাপক মনসুর আলী বলেন, আই গ্যাস সরকার নির্ধারিত দামে বিক্রি করা গেলেও ইউনি গ্যাস বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
তিনি বলেন, “তবে কিছু কিছু গ্যাস আছে যারা অন্যের থেকে লিকুয়িড কিনে ওদের সিলিন্ডারে ভরে। ইউনির এলসি বন্ধ। আরেকটা (কোম্পানি) থেকে নিয়েই আমাদের সাপ্লাই দিচ্ছে। তাই দাম বেশি রাখছে।”
এলপিজি সরবরাহ পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হতে শুরু করেছে এবং দামও কিছুটা স্থিতিশীল হচ্ছে বলে মনে করেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির কো-অর্গানাইজিং সেক্রেটারি মনি মুক্তা পাল।
তিনি “এই মুহূর্তে আসলে চাহিদা অনেক কম। গ্যাসের হাই রেটের কারণে অনেক ইলেকট্রিক চুলার উপরে নির্ভর হয়ে গেছে। ফলে কোম্পানিগুলোর গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে। রেটও কিছুটা স্থিতিশীল হচ্ছে।”
সরকারি দরের চেয়ে বেশি দামে বিক্রির বিষয়ে তিনি বলেন, “যারা এলসি করে, তাদের থেকে যারা নিয়ে বিক্রি করে, তারা এখনও অনেকেই সরকারি রেটে দিতে পারতেছে না। নন এলসি কোম্পানির সবগুলো তো এখনও সরকার নির্ধারিত রেটে আসতে পারেনি।”
তবে শিগগিরই সব কোম্পানি সরকার নির্ধারিত দামে চলে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এলসি পরিচালনাকারী বড় কোম্পানিগুলোর পদক্ষেপ এবং পরিবেশকদের মধ্যে প্রতিযোগিতার বিষয় তুলে ধরে মনি মুক্তা পাল বলেন, “কোম্পানিগুলো এলসি করে। এটার মধ্যে আপনার পাঁচ-ছয়টা কোম্পানি…আবার কিছু সম্প্রতি ৪০/৫০ টাকা করে রেট নামাইয়া ফেলছে।”
রাজধানীর ৩৯টি পয়েন্টে এলপিজি বিক্রি করছে ফ্রেশ। খুচরা পর্যায়ে তাদের ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ১০০ টাকায় বিক্রি হওয়ার বিষয়ে জানতে চাইলে মেঘনা ফ্রেশ এলপিজির প্রধান বিপণন কর্মকর্তা আবু সাঈদ রাজা বলেন, “কিছু খুচরা ব্যবসায়ী হয়ত এটা করতে পারে, সেক্ষেত্রে আমাদের একটু জানাইতে হবে। আমরা সাথে সাথে অ্যাকশনে যেতে পারব।”
সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির পাশাপাশি অন্য এলপিজি অপারেটরদের কাছেও গ্যাস বিক্রি করে কোম্পানিটি। অন্যদের কাছে কত দামে বিক্রি করা হচ্ছে, জানতে চাইলে আবু সাঈদ রাজা বলেন, “এটা তো লুকানো কোনো প্রাইস না। একদমই ‘অলমোস্ট ব্রেক ইভেনে’ অপারেটরসদের কাছে বিক্রি করে দিচ্ছি। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের মার্জিন যেহেতু নাই। এখন তারা কীভাবে মার্জিন করবে, এটা তো আসলে তাদের বিষয়। তাদের যদি বিক্রি করতে হয় বিইআরসি রেগুলেশন মানতেই হবে।”
এলপিজি অপারেটরস অব বাংলাদেশ (লোয়াব) বলছে, আমদানি করে বাজারে সরবরাহ করাই তাদের দায়িত্ব। অপারেটর, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতারা বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করছেন কি না, তা দেখার দায়িত্ব সরকারের।
সংগঠনটির সভাপতি আমিরুল হক বলেন, “আমার দায়িত্ব হল আমদানি করা। এখন আমি আমদানি কম করছি কি না সেটা প্রশ্ন। যদি কম আনতাম তাহলে একটি প্রশ্ন থাকত। এখন কার্গো আসার পরে যদি কোনো ক্রেতা না পাই ওই দায়িত্ব কে নিবে?”
তিনি আরও বলেন, “আমার সাপ্লাই চেইনের মধ্যে কেউ বা কোনো অপারেটর যদি সরকারি দামের চেয়ে এক টাকা বেশি দামে বিক্রি করে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নিতে পারে।”
বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীতে নিয়মিত মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করছেন অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।
অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নির্ধারিত দামে গ্যাস বিক্রি করা সম্ভব। পরিবহন খরচ থাকলে তা অতিরিক্ত চার্জ হিসেবে নেওয়া যেতে পারে। তবে এর বাইরে সরকার নির্ধারিত দামেই গ্যাস বিক্রি করা সম্ভব।
হাসানুজ্জামান বলেন, “যেহেতু একটু ক্রাইসিস আছে, আমাদের তথ্য মতে ৩২টা কোম্পানি আমদানি করার কথা ছিল। কিন্তু গ্যাস আনছে পাঁচটা কোম্পানি। এ কারণে একটু সাপ্লাই ঘাটতি আছেই। এইটার সুযোগটা খুচরা ব্যবসায়ী এবং ডিলাররা নিচ্ছে।”
বাজারে অভিযান চালানোর সময় পাওয়া তথ্য তুলে ধরে তিনি বলেন, একটি অভিযানে দেখা গেছে, খুচরা দোকানদার সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দামে ইউনি গ্যাস কিনছেন।
খুচরা বিক্রেতাদের অভিযোগ, পরিবেশকেরা ক্রয় রশিদ দেন না। অথচ ভোক্তা অধিকার অধিদপ্তর আমদানিকারক বা বড় প্রতিষ্ঠানে অভিযান না চালিয়ে খুচরা দোকানে অভিযান চালায়।
রশিদ দেওয়া-নেওয়ার বিষয়ে হাসানুজ্জামান বলেন, “রশিদ নিলে সে (খুচরা) বেশি দামে বিক্রি করতে পারবে না। ফলে খুচরা দোকানদারগুলোও ঝামেলা করে। তারা যদি রশিদ নেয় সেক্ষেত্রে রশিদ যদি শো করতে হয়, তাহলে সে বেশি দামে বিক্রি করতে পারবে না।”
বিষয়টিকে ‘ব্যবসায়ীদের যোগসাজশ’ বলে মন্তব্য করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের এই কর্মকর্তা। তাঁর ভাষায়, “কিছু অসাধু ব্যবসায়ীদের নিজেদের মধ্যে যোগসাজশ করে বেশি দামে বিক্রি করছে।”
আমদানিকারক বা বড় প্রতিষ্ঠানে অভিযান চালানোর বিষয়ে তিনি বলেন, মূল প্রতিষ্ঠান তদারকির দায়িত্ব নিয়ন্ত্রক কমিশনের। ভোক্তা অধিকার অধিদপ্তর ভোক্তা যেখান থেকে বেশি দামে পণ্য কিনবেন, সেখানেই অভিযান চালাবে।
তিনি বলেন, “এখন কোনো খুচরা ব্যবসায়ী আমাদের কাছে অভিযোগ দিলে, আমাদের টিম আছে, যে জায়গায় বেশি নেওয়া হচ্ছে সেখানে গিয়ে ব্যবস্থা নিব।”
নির্ধারিত দামের চেয়ে বেশি দরে এলপিজি বিক্রির বিষয়ে জানতে চাইলে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “অনেকে আমদানি করতে পারে না। অন্যদের থেকে কিনে বাজারে বিক্রি করছে, তারাই বাজারে বেশি দামে বিক্রি করছে।”
তিনি আরও বলেন, “এটা আমরা জানি। এটা নিয়েও কাজ করছি। আমাদের টিম যাচ্ছে বিভিন্ন জায়গায়।”

