রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সরকারি ভবনে সৌরবিদ্যুৎ বসাবে বেসরকারি প্রতিষ্ঠান, পরিচালনা করবে ১৫ বছর

সরকারি ভবনের ছাদে বেসরকারি বিনিয়োগে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ। খসড়া নীতিমালা অনুযায়ী, উৎপাদিত বিদ্যুতের ১০ শতাংশ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান বিনা মূল্যে পাবে। বাকি ৯০ শতাংশ বিদ্যুৎ বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা জাতীয় গ্রিডে বিক্রি করতে পারবেন।

সরকারি ভবনের ছাদ ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত নীতিমালার আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর ভবনে বেসরকারি বিনিয়োগে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হবে।

বিদ্যুৎ বিভাগ প্রণীত খসড়া নীতিমালায় বলা হয়েছে, সৌরবিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ছাদ ব্যবহারের বিনিময়ে বিনা মূল্যে পাবে। বাকি ৯০ শতাংশ বিদ্যুৎ বেসরকারি বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট অফিসের কাছে অথবা জাতীয় গ্রিডে বিক্রি করতে পারবেন।

কোনো সরকারি প্রতিষ্ঠান বরাদ্দ পাওয়া ১০ শতাংশের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে অতিরিক্ত বিদ্যুৎ সরকার-অনুমোদিত প্রযোজ্য ট্যারিফের চেয়ে ২০ শতাংশ কম দামে বেসরকারি অপারেটরের কাছ থেকে কিনতে পারবে।

সরকারের প্রাথমিক তহবিল ব্যয় না করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোই এ নীতিমালার মূল লক্ষ্য।

১৫ বছর পরিচালনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, তালিকাভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো ‘অপারেশনাল এক্সপেন্ডিচার’ (ওপেক্স) মডেলে নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবে। পাশাপাশি ১৫ বছর ধরে এসব প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবে তারা।

অন্যদিকে, আর্থিকভাবে স্বাবলম্বী সরকারি সংস্থাগুলো ‘ক্যাপিটাল এক্সপেন্ডিচার’ (ক্যাপেক্স) মডেলে নিজস্ব তহবিল থেকে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করতে পারবে।

এ উদ্যোগ বাস্তবায়নের জন্য বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে সারা দেশে ৮ হাজার ২৩৬টি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে বাছাই করেছে। নিবন্ধন ফি পরিশোধের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

মন্ত্রিসভার পর্যালোচনা ও ক্রয়বিধিতে ছাড়ের প্রস্তাব

গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়া নীতিমালাটি নিয়ে আলোচনা হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপস্থাপনের আগে সরকারি ক্রয় আইন, বিদ্যুৎ আইন এবং ইনভেস্ট বাংলাদেশ আইনের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে আইন মন্ত্রণালয়ের সঙ্গে পর্যালোচনার নির্দেশ দেয় মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, প্রতি জেলায় নির্দিষ্টসংখ্যক বিনিয়োগকারী বাছাইয়ের জন্য বিদ্যুৎ বিভাগ তালিকাভুক্তির নিয়ম সহজ করেছে। ওপেক্স মডেলে সরকারি তহবিল থেকে অর্থ ব্যয় না হওয়ায় সরকারি প্রতিষ্ঠানগুলো প্রচলিত সরকারি ক্রয় আইনের বিধিনিষেধ ছাড়াই প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে সেবাদাতা নির্বাচন করতে পারবে।

তবে রাজস্ব আয়কারী রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো যাতে নিজস্ব অর্থায়নে ক্যাপেক্স পদ্ধতিতে সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রেও একই তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে, সে জন্য দ্রুত ছাড়পত্র চাইছে বিদ্যুৎ বিভাগ।

অতিরিক্ত বিদ্যুতের জন্য বিশেষ ট্যারিফ

বেসরকারি বিনিয়োগকারীদের লাভজনকতা এবং সরকারি প্রতিষ্ঠানের ব্যয় সাশ্রয়ের মধ্যে ভারসাম্য রাখতে খসড়া নীতিমালায় বিনা মূল্যে পাওয়া ১০ শতাংশের অতিরিক্ত বিদ্যুতের জন্য নির্দিষ্ট মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের পাশাপাশি এলটি-ডি১ শ্রেণিভুক্ত (৪০০ ভোল্ট পর্যন্ত) হাসপাতালগুলোর জন্য অতিরিক্ত বিদ্যুতের প্রস্তাবিত মূল্য প্রতি ইউনিট ৮ টাকা ৫০ পয়সা। এসব প্রতিষ্ঠানের বিদ্যমান খুচরা বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট ৯ টাকা ৫ পয়সা।

অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিনা মূল্যের বরাদ্দের অতিরিক্ত বিদ্যুতের জন্য প্রযোজ্য খুচরা ট্যারিফের ৮০ শতাংশ হারে অর্থ পরিশোধ করতে হবে।

এলটি-ই শ্রেণিভুক্ত সাধারণ সরকারি অফিসগুলো দিনের বেলায় প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১৩ টাকা ৮২ পয়সা পরিশোধ করে। এই ট্যারিফের ৮০ শতাংশ হিসাবে বেসরকারি অপারেটররা প্রতি ইউনিটে ১১ টাকার বেশি আয় করতে পারবেন।

এমটি-২ শ্রেণিভুক্ত বড় সরকারি অফিস বা কমপ্লেক্সগুলো দিনের বেলা বা অফ-পিক সময়ে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১২ টাকা ৫৪ পয়সা পরিশোধ করে। এ ক্ষেত্রে অপারেটরদের আয় হবে প্রতি ইউনিটে ১০ টাকার বেশি।

জ্বালানি অর্থনীতিবিদ শফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, এই মূল্য নির্ধারণ ওপেক্স কোম্পানিগুলোর জন্য শক্তিশালী প্রণোদনা হিসেবে কাজ করবে। এতে তারা প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করে প্রায় ১০ টাকা আয় করতে পারবে। অন্যদিকে, সরকারি অফিসগুলো সৌরবিদ্যুৎকেন্দ্র পরিচালনার কারিগরি ঝামেলা থেকে মুক্ত থাকবে।

তবে শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, কিছু বেসরকারি কারখানা ইতোমধ্যে সরকারি খাতের জন্য প্রস্তাবিত হারের চেয়েও কম ট্যারিফে ওপেক্স পদ্ধতিতে সৌরবিদ্যুৎ সংযোগ পাচ্ছে।

ক্যাপেক্স প্রকল্পে ক্রয়বিধি পরিবর্তনের প্রস্তাব

নিজস্ব অর্থায়নে ক্যাপেক্স মডেলে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কয়েকটি নীতিগত পরিবর্তনের প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ। এ মডেলে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে রাজস্ব আয় করার সুযোগ থাকবে।

প্রস্তাবিত পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে—

  • দরপত্রের সীমা বৃদ্ধি: সরঞ্জামের মান এবং ব্যাটারি সংযুক্ত করার বিষয় বিবেচনায় সীমিত দরপত্র পদ্ধতির (এলটিএম) আর্থিক সীমা ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করার প্রস্তাব।
  • বাধ্যতামূলক ব্যাটারি সংরক্ষণ: ২৫ কিলোওয়াট-পিকের বেশি সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নির্ধারিত ক্ষমতার অন্তত ২০ শতাংশের সমপরিমাণ ব্যাটারি স্টোরেজ বাধ্যতামূলক করার প্রস্তাব।
  • দীর্ঘমেয়াদি চুক্তি: বাধ্যতামূলক রক্ষণাবেক্ষণের সময়সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি ক্রয় আইনের অধীনে সর্বোচ্চ ফ্রেমওয়ার্ক চুক্তির মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করার প্রস্তাব।
  • ই-জিপি প্রক্রিয়ায় ছাড়: আগামী ফেব্রুয়ারির প্রণোদনার সময়সীমার আগে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা দ্রুত স্থাপনের লক্ষ্যে বাধ্যতামূলক ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) প্রক্রিয়া এড়িয়ে চলার সুযোগ দেওয়ার প্রস্তাব।

২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াটের লক্ষ্য

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল ২০২৬-২০৩০ বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। কৌশলটিতে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উৎপাদন সক্ষমতা ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্য অর্জনে নেট মিটারিং গাইডলাইনের আওতায় বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে তিন বছরের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে।

ভবনমালিক, বিনিয়োগকারী ও বিদ্যুৎ বিতরণ সংস্থার মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির আওতায় উৎপাদিত সৌরবিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট ভবনের চাহিদা পূরণ করবে। এরপর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

বিতরণ সংস্থাগুলো গ্রিড ও সৌরবিদ্যুতের হিসাব পরিমাপ, সরকারি প্রণোদনা সমন্বয় এবং বেসরকারি অপারেটরদের চূড়ান্ত পাওনা নিষ্পত্তির জন্য প্রতি ইউনিটে ৫ পয়সা করে চার্জ নেবে।

দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিয়ে বিশেষজ্ঞের সতর্কতা

জ্বালানি অর্থনীতিবিদ শফিকুল ইসলাম বলেন, যেসব সরকারি অফিসের মূল কাজ জ্বালানি ব্যবস্থাপনা নয়, সেসব প্রতিষ্ঠানের জন্য ওপেক্স মডেল বেশি বাস্তবসম্মত। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে দেশের ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে প্রাথমিকভাবে বাছাই করা ৮ হাজার ২৩৬টি প্রতিষ্ঠানে ১৫ বছর ধরে প্রকল্প পরিচালনার মতো প্রকৌশলগত সক্ষমতা, দক্ষ সৌরবিদ্যুৎ সরঞ্জাম স্থাপনকারী এবং রক্ষণাবেক্ষণকর্মী রয়েছে কি না, তা কঠোরভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, বাতাসে প্রচুর ধুলাবালি থাকায় সৌরপ্যানেল নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। এ কাজে অবহেলা করলে প্যানেল অপরিষ্কার থাকার কারণে প্রতিবছর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৪ শতাংশ কমে যেতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন