শনিবার, ২১ নভেম্বর ২০২৬

এক মাসের মধ্যে ভাসমান মুদ্রা বিনিময় হার চালু করবে বাংলাদেশ ব্যাংক

শতভাগ দগ্ধ ইফতি সাবা মারা গেছেন, আশঙ্কাজনক অবস্থায় তাঁর এক বছরের ছেলে

রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে ইফতি সাবা (২৫) মারা গেছেন। তিনি একটি পরিবারের তিন সদস্যের একজন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধদের শারীরিক অবস্থা

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ইফতি সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তাঁর এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদের শরীরের ৫৭ শতাংশ এবং স্বামী মানিকের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

এ ছাড়া পাশের কক্ষের ভাড়াটিয়া সানজিদা ইসলামের শরীরের ৩৭ শতাংশ এবং তাঁর মা শামসুন্নাহার বেগমের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। শিশু মাহাদের অবস্থা আশঙ্কাজনক। মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

যেভাবে ঘটে বিস্ফোরণ

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তাঁর স্ত্রী ইফতি সাবা (২৫) ও তাঁদের এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ। অন্য দুজন হলেন পাশের কক্ষের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তাঁর মা শামসুন্নাহার বেগম (৫২)।

মানিক জানান, চতুর্থ তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানকে নিয়ে সাবলেট থাকেন তিনি। সকালে বাসার ভেতরে বিস্ফোরণের শব্দে তাঁর ঘুম ভাঙে। সঙ্গে সঙ্গে তাঁর শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা শিশুটিও দগ্ধ হয়। তখন সন্তানকে নিয়ে তিনি কক্ষ থেকে বাইরে বের হন। পরে তাঁর স্ত্রী এবং পাশের কক্ষের মা-মেয়েও দগ্ধ অবস্থায় বের হন।

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ধারণা

মানিক আরও জানান, বাসায় সিলিন্ডারের গ্যাস দিয়ে রান্না করা হয়। তবে সিলিন্ডারটি ভবনের নিচে রাখা। তাঁর ধারণা, রাতে কেউ গ্যাসের চুলা চালু করে রেখেছিলেন অথবা চুলায় লিকেজ ছিল। এ কারণে সারা রাত গ্যাস বের হয়ে জমে থাকতে পারে। সকালে তাঁর স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটসহ পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভে যায়। প্রতিবেশীরাই দগ্ধদের হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, বিস্ফোরণটি বেশ শক্তিশালী ছিল। এর শব্দে দরজা-জানালা ভেঙে যায়। প্রাথমিকভাবে গ্যাস লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন