শিক্ষার মানোন্নয়নে ফাঁকি বরদাশত করা হবে না, প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ ৫ হাজার কোটি টাকা
শিক্ষাখাতে কোনো ধরনের ফাঁকি বরদাশত করা হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব স্কুলে শিক্ষক ও প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রাথমিক শিক্ষায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট দিয়েছেন। আগামী পাঁচ বছরে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশে একটি জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ও থাকবে না।
প্রাথমিক শিক্ষার সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি জানান, প্রতি বছর বিদ্যালয় পরিচ্ছন্নতা ও সরঞ্জামের জন্য ছয় হাজার টাকা, শিক্ষার্থীদের পোশাকের জন্য ভ্যাট-ট্যাক্সসহ এক হাজার ৯৫০ টাকা এবং পুষ্টিকর টিফিনের জন্য শিক্ষার্থীপ্রতি ৩৮ টাকা ৫০ পয়সা বরাদ্দ করা হয়েছে। কুপন পদ্ধতিতে এসব সুবিধা বিতরণ করা হবে।
এ ছাড়া যেসব বিদ্যালয়ের পাশে খালি জায়গা রয়েছে, সেখানে জমি অধিগ্রহণ করে খেলার মাঠ তৈরির জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
নতুন পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ
কারিগরি ও উচ্চশিক্ষার পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকে আরও আধুনিক করা হবে। পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করে শিক্ষার্থীরা যাতে সরাসরি উচ্চশিক্ষা নিতে পারেন, সে জন্য চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ করা হচ্ছে।
এ ছাড়া চলতি অর্থবছরেই চীনের আদলে দেশের নয়টি বিভাগে নয়টি পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলা হবে।
বিশ্ববাজারে নিজেদের যোগ্য করে তুলতে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি চীনা, আরবি, জাপানি অথবা কোরীয় ভাষার যেকোনো একটি তৃতীয় ভাষা শেখার পরামর্শ দেন তিনি।
শিক্ষকদের প্রতি কঠোর বার্তা
শিক্ষকদের উদ্দেশে ড. এহছানুল হক মিলন বলেন, যোগ্যতা ও শ্রেণিকক্ষে সঠিক পাঠদান নিশ্চিত করেই এমপিও দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিকভাবে লিখতে ও পড়তে না পারলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিজেই তাৎক্ষণিক বিদ্যালয় পরিদর্শন করবেন।
মামলার কারণে এত দিন শিক্ষক নিয়োগ আটকে থাকলেও আগামী ছয় মাসের মধ্যে জনবলসংকট নিরসনের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।
অভিভাবকদের প্রতি আহ্বান
অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে তাঁদের সঠিকভাবে দিকনির্দেশনা দিতে হবে।
মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনেরা অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষানুরাগী। তাঁর নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব-অভিযোগের বিষয়ে শিক্ষামন্ত্রীকে অবহিত করা হবে। শিক্ষামন্ত্রীকে নিজের অভিভাবক উল্লেখ করে তিনি বলেন, অভিভাবকের কাছে কিছু চাইতে হয় না, তিনি নিজেই বিষয়গুলো দেখবেন।

