শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার মামলার রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র সমাধান।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের দেওয়া রায়ের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘ন্যায়বিচার ও জবাবদিহিতার পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে আন্তর্জাতিক বিচার আদালতের রায় মাইলফলক। এ রায় চূড়ান্ত এবং রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।’

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনই একমাত্র সমাধান। এ সমস্যার দ্রুত ও টেকসই সমাধানে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান

প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বহুমাত্রিক অংশীজনের সঙ্গে জোরালোভাবে কাজ করছি। এ রায় নিরাপত্তা পরিষদে আসার সম্ভাবনা রয়েছে। আমরা জাতিসংঘ, অংশীজনসহ সবার সঙ্গে এ বিষয়ে জোরালোভাবে যোগাযোগ রাখব।’

যেভাবে শুরু হয় গণহত্যার মামলা

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তাঁরা হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ ও অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মাধ্যমে মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে—এমন অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মামলাটি করে গাম্বিয়া।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা করেন আদালতের সভাপতি বিচারক ইউজি ইওয়াসাওয়া। রায়ে আদালত বলেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে।

একই সঙ্গে গণহত্যার শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আইসিজে। আদালত জানিয়েছেন, ক্ষতিপূরণের পরিমাণ, তা পরিশোধের পদ্ধতি এবং অন্যান্য প্রতিকার কী হবে, তা পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন