শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আশঙ্কা

এদিকে, ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে আরেক সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৮ মিলিমিটারের বেশি/২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদদের সংজ্ঞা অনুযায়ী, কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়। আর বৃষ্টির পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হলে তা অতিভারী বৃষ্টি হিসেবে বিবেচিত হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন