শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৪৭

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৯৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ৩৩ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, চোলাই মদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। কিশোর গ্যাংয়ের ৩৯৪ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০২ জন, পূর্ববর্তী মামলায় ১৯৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২ জন, পরোয়ানামূলে ১০০ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জন রয়েছেন।

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১১৮

মাদক মামলায় ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক বহনকারী তিনজন এবং মাদকসেবী ৫৯ জন। এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১১৮ জন।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদায় করা হয়েছে ৫৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড। এ সময়ে মাদকদ্রব্য-সংক্রান্ত ৩৯টি মামলা দায়ের করা হয়।

অভিযানে ৩৩ হাজার ৩১ পিস ইয়াবা, ৮ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১৮৫ লিটার চোলাই মদ, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের ১৬৮ সদস্য গ্রেপ্তার

বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৬৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৪৮, কক্সবাজারে ৯, কুমিল্লায় ৪০, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ১৫, ফেনীতে ১৭, লক্ষ্মীপুরে ১২, রাঙামাটিতে ৪ এবং খাগড়াছড়িতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোর গ্যাংয়ের ৩৯৪ সদস্য গ্রেপ্তার

কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩৯৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ২৩০ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৬৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৪৩, কক্সবাজারে ১৭, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ২১, নোয়াখালীতে ১৮, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৩৩, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ৮ এবং বান্দরবানে ৬ জন গ্রেপ্তার হয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন