বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায়, সোহেলের ফাঁসি বহাল

পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় হাইকোর্টের রায়; বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্না খাতুনকে বেকসুর খালাস

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড থেকে তার স্ত্রী স্বপ্না খাতুনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতের পর্যবেক্ষণ

রায়ে আদালত বলেন, রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। ওই দিনই রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট।

এক কার্যদিবসেই শুনানি শেষ

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, কোনো ধরনের মুলতবি ছাড়াই এক কার্যদিবসে মামলাটির শুনানি সম্পন্ন হয়েছে। এ মামলায় হাইকোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে আশা প্রকাশ করেছিলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল জানান, সোহেল রানা নিজেই ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর ভিত্তিতে বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। এ ধরনের অপরাধ সংঘটনে সহযোগিতার দায়ে তার স্ত্রী স্বপ্না খাতুনকেও একই সাজা দেওয়া হয়েছিল।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন