বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে তোফাজ্জল হত্যা মামলায় পুলিশের আবেদনে আদালতের নির্দেশ
বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাঁকে কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুদ্দোহা আশিকা সুলতানাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে হত্যা মামলার ঘটনার সঙ্গে আশিকা সুলতানার জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে আরও জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে দমন-পীড়নে মামলার এজাহারনামীয় আসামিদের সঙ্গে তিনি অংশ নিয়েছিলেন।
মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
যেভাবে হত্যা করা হয় তোফাজ্জলকে
মামলার অভিযোগ ও পুলিশের আবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৫টার দিকে সরকারের পতনের আনন্দে বিজয় মিছিলে অংশ নেন তোফাজ্জল হোসেন খান। মিছিলটি মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ২ নম্বরের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে সশস্ত্র পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা গুলি চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একই সময়ে পুলিশের নিরাপত্তায় ঘটনাস্থলে অবস্থানরত স্থানীয় ও মহানগর পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররাও গুলি ছোড়েন বলে আবেদনে বলা হয়।
এতে এজাহারনামীয় আসামি ইকবাল হোসেন তিতু, হায়দার আলী খান, এস এম হানিফ, এস এম জাহিদ, মইনুল হক নিখিল ও ইসমাইল মোল্লাদের নেতৃত্ব ও সরাসরি অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। তাঁদের নেতৃত্বে অজ্ঞাতনামা সশস্ত্র ক্যাডারদের ছোড়া গুলি তোফাজ্জল হোসেন খানের মাথার পেছনে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে আবেদনে বলা হয়।
পরে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মিরপুর ৬ নম্বরে অবস্থিত ডা. আজমল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যা মামলা করা হয়।
গত জুনে গ্রেপ্তার হন আশিকা সুলতানা
গত ২৫ জুন মিরপুর থেকে গ্রেপ্তার হন আশিকা সুলতানা। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। এবার তোফাজ্জল হোসেন খান হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিলেন আদালত।

