মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল ১৩ বসতঘর, হোটেল ও দোকান

শ্রীপুরে দুবাই প্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ড; ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের শ্রীপুরে একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দুবাই প্রবাসীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও একটি দোকান পুড়ে গেছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যেভাবে আগুনের সূত্রপাত

প্রবাসী নিশাত ঢালীর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে নিশাত ঢালী ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ বাড়িটি কেনেন। ঘরগুলো স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল। দুটি দোকানের একটিতে চলছিল খাবার হোটেল।

রোববার সকাল ৯টার দিকে ভাড়া দেওয়া ওই খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পেছনে থাকা বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।

আগুনে ১৩টি বসতঘরের পাশাপাশি ঘরের ভেতরে থাকা আসবাবপত্রও পুড়ে যায়। একটি খাবার হোটেল ও আরেকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন