লিবিয়ার উপকূলে সাতটি নৌ-ড্রোন দিয়ে হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। একই হামলায় অস্ত্র পরিবহনে ব্যবহৃত রাশিয়ার আরেকটি জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মস্কো এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জবাব হিসেবে এটি ইউক্রেনের একটি সফল সামরিক অভিযান। হামলায় সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে রাশিয়ার নতুন যুদ্ধজাহাজ করভেট ‘মার্কারি’ ডুবিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টার ‘কেএ-২৭’ ধ্বংস হয়েছে।
জেলেনস্কির দাবি, হামলায় ক্ষতিগ্রস্ত দ্বিতীয় জাহাজটির নাম ‘এমভি আঙ্গারা’। এটি রাশিয়ার একটি কনটেইনারবাহী জাহাজ, যা অস্ত্র পরিবহনে ব্যবহার করা হচ্ছিল।
বেনগাজি বন্দরে বিস্ফোরণ ও আগুন
এর আগে রোববার সকালে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জানায়, জ্বালানি ও রসদ নেওয়ার জন্য বেনগাজি বন্দরে অবস্থানকালে একটি রুশ যুদ্ধজাহাজে বিস্ফোরণ ঘটে। তবে জাহাজটির নাম বা পরিচয় প্রকাশ করেনি তারা।
লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বন্দরের উপকূলে হামলার শিকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। এটি ইউক্রেনের দাবি করা দ্বিতীয় জাহাজ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর অবস্থান শনাক্ত করে দেখা গেছে, হামলার পর জাহাজটিতে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্যাটেলাইট চিত্রেও বেনগাজি বন্দরে একটি জাহাজে আগুন জ্বলতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা প্রতিষ্ঠান ভ্যান্টর জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে শনিবার বন্দরে রাশিয়ার স্টেরেগুশচি শ্রেণির করভেট ‘মার্কারি’কে অক্ষত অবস্থায় দেখা গেছে। পরদিনের চিত্রে জাহাজটির অধিকাংশ অংশ ডুবে যেতে দেখা যায়।
তদন্তের আহ্বান জাতিসংঘের
জাতিসংঘের লিবিয়া সহায়তা মিশন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, লিবিয়াকে বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হতে দেওয়া যাবে না।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার জানিয়েছে, দেশটির সঙ্গে বিদ্যমান সামুদ্রিক চুক্তির আওতায় রুশ জাহাজটি বন্দরে অবস্থান করছিল। হামলার উৎস ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ বিষয়ে রাশিয়ার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
এদিকে, ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারও বিদেশি বাহিনীকে লিবিয়ার বন্দর ও বেসামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়ে সতর্ক করেছে।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও বিভক্তি চলছে। দেশটির পূর্বাঞ্চলের সামরিক নেতা খলিফা হাফতারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, বেনগাজি বন্দরে হামলার ঘটনায় হাফতার পরিবারের পক্ষ থেকেও প্রতিক্রিয়া আসতে পারে।

