রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বাল্টিক সাগরে ড্রোন হামলার পর রুশ সংশ্লিষ্ট কার্গো জাহাজে আগুন

‘স্পার্টা-২’ নামে জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে, ১৬ নাবিককে উদ্ধার

বাল্টিক সাগরে ড্রোন হামলার পর রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজে আগুন ধরে গেছে। পরে জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। এ ঘটনায় জাহাজটির ১৬ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ফিনল্যান্ডের ধারণা, হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে। তবে জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

লাইফবোটে করে জাহাজ ছাড়েন নাবিকেরা

ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলজা ইলজিন শনিবার (২১ নভেম্বর) রাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলইকে জানান, ‘স্পার্টা-২’ নামের জাহাজটির ১৬ নাবিক প্রথমে লাইফবোটে করে জাহাজ ছেড়ে যান। পরে তাঁদের কাছাকাছি থাকা আরেকটি রুশ জাহাজে নেওয়া হয়। বর্তমানে তাঁরা রাশিয়ার পথে রয়েছেন।

ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন এক সংবাদ সম্মেলনে বলেন, হামলার পেছনে ইউক্রেনের জড়িত থাকার সম্ভাবনাই বেশি। তবে জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।

বাল্টিক অঞ্চলে ড্রোন হামলার উদ্বেগ

চলতি বছর রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে একাধিকবার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এসব ড্রোনের কয়েকটি বাল্টিক অঞ্চলের আকাশসীমায়ও প্রবেশ করেছে। এতে যুদ্ধ ন্যাটো জোটভুক্ত দেশগুলোর ভূখণ্ডে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইউক্রেন ও রাশিয়ায় পাল্টাপাল্টি হামলা

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় ২৫টি আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর রুশ বাহিনী আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে উদ্ধারকর্মী, চিকিৎসাকর্মী ও জরুরি সেবার সদস্যরাও হামলার মুখে পড়েন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়াতেও রুশ বাহিনীর হামলায় কয়েকজন নিহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের পাল্টা হামলায় রুশ নিয়ন্ত্রিত লুহানস্কে ছয়জন নিহত হয়েছেন বলে শনিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন