বাড়ির অবস্থান শনাক্তের আশঙ্কায় প্রায় দুই সপ্তাহ ধরে বাসভবনের বাইরে তিনি
ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ব্যক্তিগত বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নিরাপত্তা-সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এ তথ্য জানিয়েছে।
বাসভবনের ছবি প্রকাশের পর নিরাপত্তা উদ্বেগ
স্কট বেসেন্টের ব্যক্তিগত বাসভবনটি ওয়াশিংটন ডিসির জর্জটাউন এলাকায়। ২০২৫ সালের জানুয়ারির শেষ দিকে ১ কোটি ২৫ লাখ (১২ দশমিক ৫ মিলিয়ন) ডলারে বিলাসবহুল বাড়িটি কেনেন তিনি। সে সময় মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) বাসভবনটির ওপর থেকে তোলা একটি ছবি প্রকাশ করে।
এ বিষয়ে অবগত এক নিরাপত্তা কর্মকর্তা সিএনবিসিকে জানান, ছবিটি প্রকাশের পর বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। কারণ, গোয়েন্দা সূত্রে মার্কিন কর্মকর্তারা জানতে পারেন, ইরান তাঁর বাড়ির অবস্থান শনাক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই সপ্তাহ ধরে বাসভবনের বাইরে
এরপরই বেসেন্টকে একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। সিএনবিসিকে ওই কর্মকর্তা বলেন, ইরানের সম্ভাব্য হামলার হুমকি থেকে নিরাপত্তার স্বার্থেই অর্থমন্ত্রীকে সামরিক ঘাঁটিতে যেতে হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের ক্রমবর্ধমান হুমকির মধ্যে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।
ঠিক কত দিন ধরে এবং কোন সামরিক ঘাঁটিতে বেসেন্ট অবস্থান করছেন, সে তথ্য জানাননি ওই কর্মকর্তা। তবে সরকারি নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্র জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে তিনি নিজের বাড়ির বাইরে রয়েছেন।
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান
স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর নেতৃত্ব দিচ্ছেন। গত ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এ অভিযানের মূল লক্ষ্য সামরিক পদক্ষেপের পাশাপাশি নিষেধাজ্ঞা ও অন্যান্য আর্থিক ব্যবস্থার মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা।
এ বিষয়ে ট্রেজারি বিভাগের এক মুখপাত্র সিএনবিসিকে বলেন, ইরানি শাসকদের হুমকির মুখে বেসেন্ট পিছু হটবেন না।
মুখপাত্র আরও বলেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাস্তবায়ন এবং অবরোধ বজায় রাখার ব্যাপারে তিনি অবিচল রয়েছেন। তাঁর দাবি, এসব পদক্ষেপের সম্মিলিত প্রভাবে ইরানের অর্থনীতি ধসে পড়ছে।

