রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩৩ জনসহ মোট ৩৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে ডিএমপি এ তথ্য জানায়।
ডিএমপি জানায়, শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, বিভাগভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো—রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৫৩ জন, মতিঝিলে ৩৭ জন, তেজগাঁওয়ে ৫৫ জন, মিরপুরে ৬৯ জন, গুলশানে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৩৩ জন।
অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, এক হাজার ১৫৫ টাকা ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

