শনিবার, ২১ নভেম্বর ২০২৬

আজ সশস্ত্র বাহিনী দিবস, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তিন বাহিনী প্রধান

তিন বাহিনী প্রধানের পুষ্পস্তবক অর্পণ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ২১ নভেম্বর সারা দেশে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তিন বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা।

সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয়।

তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এ ছাড়া তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন।

এ সময় সরকারপ্রধান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করবেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনী প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সেনাকুঞ্জে বিকেলে সংবর্ধনা

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বরের গুরুত্ব

২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাযুদ্ধের গুরুত্বপূর্ণ মোড় তৈরি হয়। প্রথমবারের মতো জল, স্থল ও আকাশপথে একযোগে পাকিস্তানি ঘাঁটিগুলোতে আক্রমণ চালানো হয়।

এর মধ্য দিয়ে বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনী সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করে। মুক্তিযুদ্ধের গেরিলা যুদ্ধের পর্যায় পেরিয়ে এই অভিযান রূপ নেয় প্রথাগত ও সমন্বিত সামরিক অভিযানে।

এই ঐক্যবদ্ধ আক্রমণ মুক্তিযুদ্ধের গতি বহুগুণ বাড়িয়ে দেয় এবং পাকিস্তানি বাহিনীকে দিশেহারা করে তোলে। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন