শনিবার, ২১ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় দুর্ঘটনা, নিহত দুজনের বাড়ি খুলনায়

গোপালগঞ্জ সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)। তাঁদের বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়।

যেভাবে দুর্ঘটনা

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

মরদেহ উদ্ধার, যান চলাচল স্বাভাবিক

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন