কালীগঞ্জের হাসিলবাগ গ্রামে গভীর রাতে অগ্নিসংযোগ; জড়িতদের শাস্তি দাবি স্থানীয় নেতাকর্মীদের
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
গভীর রাতে আগুন দেখতে পান স্থানীয় নারী
স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান বলেন, রাত ২টার দিকে বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয়ে আগুন দেখতে পান এক নারী। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তেই আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কার্যালয়ের টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার নিন্দা বিএনপি নেতার
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে দুর্বৃত্তরা উপজেলার হাসিলবাগ গ্রামের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে অচিরেই কালীগঞ্জে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার কথা বলেন।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

