শনিবার, ২১ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

এ নিয়ে ৫৮টি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি তেহরানের; সমঝোতায় ইরানের প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য ট্রাম্পের

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি করল ইরান।

শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স হরমুজ প্রণালির আকাশে মার্কিন এমকিউ-৯ ড্রোনটি শনাক্ত করে ভূপাতিত করেছে। এ কাজে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

এমকিউ-৯ ড্রোন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের তৈরি দীর্ঘপাল্লার, দূরনিয়ন্ত্রিত ও সশস্ত্র সামরিক ড্রোন। এটি নজরদারির পাশাপাশি নির্ভুল হামলা চালানোর কাজেও ব্যবহৃত হয়।

ইরানের প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

এদিকে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তেহরানের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও এখন পর্যন্ত ইরান এমন কোনো প্রস্তাব দেয়নি, যা ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য।

স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) চীন সফর শেষে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘তারা একটি সমঝোতায় পৌঁছাতে চায়, কিন্তু তারা এমন কোনো প্রস্তাব দিতে পারেনি, যা আমার কাছে গ্রহণযোগ্য। আমরা একটি প্রকৃত চুক্তি চাই, কোনো ভুয়া চুক্তি নয়।’

ইরানের রয়েছে কিছু ‘রেড লাইন’

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরানের কিছু সুনির্দিষ্ট শর্ত বা ‘রেড লাইন’ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, ইরানে সমৃদ্ধ করা ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়া যাবে না।

তবে আলোচনার মাধ্যমে একটি ‘ন্যায্য সমাধানে’ পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন