শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ হতে পারে কপ৩১

তেল, গ্যাস ও কয়লার ব্যবহার কমানোর প্রশ্নে দেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেওয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) চুক্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্মেলনের সর্বশেষ খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির বিষয়ে কোনো উল্লেখ না থাকায় বিরোধ আরও বেড়েছে। নির্ধারিত সময় পেরিয়ে সপ্তাহান্ত পর্যন্ত আলোচনা গড়ানোর আশঙ্কা রয়েছে।

শুক্রবার সম্মেলনের শেষ পর্যায়ের আলোচনা শুরু হলেও দেশগুলোর মধ্যে মতপার্থক্য কাটেনি। তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আনতালিয়ায় টানা দুই সপ্তাহের আলোচনা শেষে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা সমঝোতায় পৌঁছানোর শেষ চেষ্টা করছেন।

বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় সম্মেলনের আলোচনা নির্ধারিত সময়ের বাইরে গড়াতে পারে।

বিশ্বজুড়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে। ইউরোপের তীব্র তাপপ্রবাহ, নেপালের ভয়াবহ বন্যা এবং বিশ্বজুড়ে নতুন করে বিপর্যয় বাড়িয়ে তোলা রেকর্ড সৃষ্টিকারী এল নিনো পরিস্থিতি সেই বাস্তবতাই তুলে ধরছে।

এর মধ্যে ইরানের যুদ্ধ এবং তেলের দামের আকস্মিক উল্লম্ফন আলোচনাকে আরও জটিল করে তুলেছে। জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কতটা থাকবে, তা নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য আরও তীব্র হয়েছে।

খসড়া চুক্তি থেকে বাদ জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ

চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত চুক্তির প্রাথমিক খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে বন্ধ করার উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার কপ৩১-এর সহ-আয়োজক অস্ট্রেলিয়া প্রকাশিত নতুন খসড়ায় তেল, গ্যাস ও কয়লার বিষয়ে কোনো উল্লেখ রাখা হয়নি। জলবায়ু উষ্ণায়নের জন্য প্রধানত দায়ী এই তিন জ্বালানি।

ফ্রান্সের পরিবেশগত রূপান্তরবিষয়ক মন্ত্রী মনিক বারবু বিষয়টিকে খসড়া চুক্তির জন্য ‘একটি কালো দাগ’ বলে মন্তব্য করেছেন।

কপ৩১-এর আলোচনা পরিচালনার দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে ঐকমত্যের বিষয়টি পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা আলোচনা ও দর-কষাকষি চালিয়ে যাব।’

অর্থনীতিকে বিদ্যুৎনির্ভর করার উদ্যোগ

২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ সম্মেলনে দেশগুলো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে একমত হয়েছিল। তবে এ জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা সময়সীমা নির্ধারণ করা হয়নি। এরপর থেকে তেল উৎপাদনকারী দেশগুলো বিষয়টি আবার আলোচনায় আনার প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে আসছে।

গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনও জীবাশ্ম জ্বালানির বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল। এরপর জাতিসংঘের আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধে নিজস্ব উদ্যোগ নিতে শুরু করে বিভিন্ন দেশ।

ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্টসের জলবায়ু কর্মসূচির পরিচালক র‌্যাচেল ক্লিটাস বলেন, ‘জীবাশ্ম জ্বালানির স্বার্থে পরিচালিত দেশগুলো দ্রুত ও ন্যায়সংগতভাবে এই জ্বালানির ব্যবহার থেকে সরে আসার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে।’

এদিকে সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি চাহিদার অন্তত ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে পূরণের একটি স্বেচ্ছামূলক অঙ্গীকারে দেশগুলোকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

চুক্তির খসড়ায় তুরস্কের এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতিকে বিদ্যুৎনির্ভর করার পদক্ষেপ জ্বালানি নিরাপত্তা জোরদার এবং জলবায়ু উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

তবে কয়েকটি দেশ উদ্বেগ জানিয়েছে, খসড়ায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের উৎস অবশ্যই পরিচ্ছন্ন জ্বালানি হতে হবে—এমন কোনো স্পষ্ট শর্ত নেই। ফলে কয়লা বা গ্যাস পুড়িয়েও এই বিদ্যুৎ উৎপাদন করা হতে পারে।

ফ্রান্সের মন্ত্রী বারবু বলেন, ‘আমরা পরিচ্ছন্ন বিদ্যুতায়নের পক্ষে লড়াই চালিয়ে যাব।’

এ ছাড়া কার্বন ধারণ, ব্যবহার ও সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানানো নিয়েও কয়েকটি দেশ আপত্তি তুলেছে। সমালোচকদের মতে, এ প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল এবং দূষণ কমানোর মূল উদ্যোগ থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে।

ভানুয়াতুর জলবায়ুমন্ত্রী রালফ রেগেনভানু এএফপিকে বলেন, সর্বশেষ খসড়া চুক্তিতে এ প্রযুক্তিকে এমনভাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা পাওয়ার যোগ্য নয়।

জলবায়ুবিজ্ঞান নিয়েও মতবিরোধ

কপ৩১ সম্মেলনে জলবায়ুবিজ্ঞান নিয়েও নতুন করে বিরোধ দেখা দিয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)-এর পরবর্তী মূল্যায়ন প্রতিবেদন প্রকাশের সময় নিয়ে দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য তৈরি হয়েছে।

সর্বশেষ খসড়া চুক্তিতে আইপিসিসির গুরুত্ব তুলে ধরা হয়েছে। কয়েক ডজন দেশ চায়, ২০২৮ সালে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর অগ্রগতি পর্যালোচনার আগেই আইপিসিসির পরবর্তী মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করা হোক। তবে সৌদি আরব ও ভারতসহ অল্প কয়েকটি দেশ প্রতিবেদন প্রকাশ ২০২৯ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার পক্ষে।

খসড়া চুক্তিতে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য ভেঙে যাওয়ার আসন্ন আশঙ্কায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে।

জলবায়ু অর্থায়নেও অমীমাংসিত প্রশ্ন

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও এর সঙ্গে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করা দেশগুলোকে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়ে আসছে উন্নয়নশীল দেশগুলো। তবে বাজেটের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ধনী দেশগুলো এ সহায়তা বাড়াতে অনীহা প্রকাশ করেছে।

তাদের যুক্তি, চীনের মতো বড় উদীয়মান অর্থনীতির দেশগুলোকেও জলবায়ু তহবিলে অবদান রাখতে হবে।

খসড়া চুক্তিতে ২০৩৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন তিন গুণ বাড়ানোর বিষয়ে আরও আলোচনার প্রস্তাব রাখা হয়েছে। তবে উন্নয়নশীল দেশগুলোর দাবি করা ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন