শেনঝেনের কাইলিন ভিলায় ৯০ মিনিটের বৈঠকে ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা; তিন দেশের অভিন্ন দায়িত্বের কথা বললেন নেতারা।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনঝেনে প্রায় দেড় ঘণ্টা বা ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ত্যাগ করেন মার্কিন প্রেসিডেন্ট।
শেনঝেনের বিশেষ অবকাশকেন্দ্র কাইলিন ভিলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও রাশিয়ার সংবাদ সংস্থা তাসের তথ্য অনুযায়ী, শি জিনপিং, ডনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠকটি দেড় ঘণ্টা স্থায়ী হয়।
ত্রিপক্ষীয় বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট ট্রাম্পকে এয়ার ফোর্স ওয়ানে উঠতে দেখা যায়।
বিশ্বশান্তিতে বড় শক্তিগুলোর ভূমিকার ওপর জোর শির
এর আগে ঐতিহাসিক এ বৈঠকের উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, এ সম্মেলনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বড় শক্তিগুলো ঐক্য ও সম্প্রীতির সঙ্গে চললে বিশ্বে শান্তি বজায় থাকে।
তিনি আরও বলেন, ‘বড় শক্তিগুলো যখন সম্প্রীতির সঙ্গে বসবাস করে, তখন বিশ্বে শান্তি বিরাজ করে।’ প্রতিকূল পরিস্থিতিই প্রকৃত দায়িত্ববোধের পরিচয় দেয় উল্লেখ করে শি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিন দেশকে একসঙ্গে কাজ করতে হবে।
ইউক্রেন যুদ্ধকে গুরুত্ব দিলেন পুতিন
বৈঠকের উদ্বোধনী বক্তব্যে ইউক্রেন যুদ্ধকে বিশেষ গুরুত্ব দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে।
অন্যদিকে শি ও পুতিনের সঙ্গে সুর মিলিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, ত্রিপক্ষীয় বৈঠকটি সত্যিই ইতিহাস সৃষ্টি করছে। ফলপ্রসূ আলোচনা বজায় রাখার ক্ষেত্রে এ তিন দেশের বিশেষ দায়িত্ব রয়েছে।
অতীতে অনেক নেতা মতপার্থক্য থাকা সত্ত্বেও অন্য নেতাদের সঙ্গে আলোচনায় বসতে এড়িয়ে গেছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, পারস্পরিক যোগাযোগের সুযোগ হাতছাড়া করে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি আরও বলেন, পুরো পৃথিবীকে প্রভাবিত করে এমন সমস্যার সমাধানে তিন দেশেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

