শনিবার, ২১ নভেম্বর ২০২৬

রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত

নিহতদের মধ্যে মা ও দুই শিশু, আহত দুজন

কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতদের মধ্যে এক মা ও তার দুই শিশু সন্তান রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০) এবং কাশিফার দুই শিশু সন্তান সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী মাশরুফা। আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২) ও কাশিফার স্বামী সাকিল।

আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা

নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে দুজনের মৃত্যু

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন