শনিবার, ২১ নভেম্বর ২০২৬

যশোরে মহাসড়কে আতঙ্ক: কাভার্ড ভ্যানে বিস্ফোরক নিক্ষেপ, আহত ২

হামলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বাগানে ঢুকে পড়ে গাড়িটি; চালক ও সহকারী হাসপাতালে চিকিৎসাধীন, চালকের অবস্থা গুরুতর।

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যান লক্ষ্য করে পেট্রোলবোমা সদৃশ দুটি বিস্ফোরক নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির চালক রাজিব (৪৫) আগুনে দগ্ধ হয়েছেন। এ ছাড়া ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন তার সহকারী (হেলপার) হৃদয় (৪০)। হামলার পর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাজিব ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তার সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে। তারা দুজনই বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

যেভাবে হামলা

আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরের উদ্দেশে আসছিল কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭)। ভোরে হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি কলাবাগান থেকে চার-পাঁচজন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোলবোমা সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে।

নিক্ষিপ্ত বিস্ফোরকের একটি কাভার্ড ভ্যানের বডিতে আঘাত করে। অন্যটি খোলা জানালা দিয়ে চালকের কেবিনে প্রবেশ করে বিস্ফোরিত হয়। এতে কেবিনে আগুন ছড়িয়ে পড়ে। আকস্মিক এ হামলায় চালক রাজিব নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের একটি বাগানে ঢুকে যায়।

খবর পেয়ে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যরা আহত চালক ও তার সহকারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।

চালকের অবস্থা গুরুতর

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. মাশহারুল হক ইমন জানান, আগুনে চালক রাজিবের মুখমণ্ডল, পিঠ ও হাতের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তার শারীরিক অবস্থা গুরুতর। অন্যদিকে, ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের মুখ ও হাতে ক্ষত সৃষ্টি হয়েছে। দুজনকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চলন্ত কাভার্ড ভ্যানে হামলার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন