পরিত্যক্ত নিচতলার একাংশে অগ্নিকাণ্ড, টহল পুলিশের সদস্যরা নেভান
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চট্টগ্রাম নগরীর পারিবারিক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ‘নিরিবিলি’ নামের বাড়িটির একাংশে আগুন লাগে। পরে টহল পুলিশের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন।
পরিত্যক্ত অংশে আগুন
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, চারতলা বাড়িটির পূর্ব পাশের নিচতলার ওই অংশে গত ১০ থেকে ১৫ বছর ধরে কেউ থাকেন না। বাড়ির লোকজনও সেখানে যাতায়াত করেন না।
তিনি বলেন, রাতে সেখানে জমে থাকা পুরোনো আসবাব ও কাপড়চোপড়ে কীভাবে যেন আগুন লাগে। আগুন দেখতে পেয়ে টহল দলের পুলিশ সদস্যরা গিয়ে তা নিভিয়ে ফেলেন।
আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাড়িটির নিচতলার পেছনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। এক রিকশাযাত্রী ভিডিওটি ধারণ করেন। এ সময় সামনের ফুটপাতে দাঁড়িয়ে আগুন জ্বলতে দেখছিলেন তিনি। তখন বৃষ্টি হচ্ছিল।
বাবার তৈরি বাড়ি
স্থানীয়দের ভাষ্য, গত শতকের ষাটের দশকে মুহাম্মদ ইউনূসের বাবা বাড়িটি নির্মাণ করেছিলেন।
বাড়িটির পূর্ব পাশের নিচতলার ওই অংশটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। পুরো বাড়ির চারপাশে সীমানাপ্রাচীর থাকলেও ওই অংশটি টিন দিয়ে ঘেরা। বাড়ির সামনের খালি জায়গায় ঝোপঝাড়ও রয়েছে।

