মোংলাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত, স্বাভাবিক পণ্য খালাস
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটের উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে মোংলাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত থেকে বাগেরহাটের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বাতাসের বেগ এখনো তেমন বাড়েনি। তবে জোয়ারের কারণে নদ-নদীর পানির উচ্চতা বেড়েছে। বৃষ্টিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
উপকূলে আরও দুই দিন বৃষ্টির আভাস
মোংলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. হারুন উর রশিদ বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি হচ্ছে। মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
তিনি জানান, আগামী দুই দিন উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
মোংলা বন্দরে কার্যক্রম স্বাভাবিক
সতর্কসংকেত জারি থাকলেও মোংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. সালাহ উদ্দিন কবির বলেন, ৩ নম্বর সতর্কসংকেত জারি থাকলেও আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। ফলে বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
শুক্রবার ভারতের উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

