উত্তরার বাসা থেকে আটক করেছে পুলিশ, স্ত্রীর সঙ্গে তাঁর বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান চলছে
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা নূরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাঁকে আটক করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বামপন্থী রাজনীতি থেকে আওয়ামী লীগে
স্বাধীনতার পর বামপন্থী রাজনীতিতে যুক্ত হন নূরুল ইসলাম নাহিদ। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেন।
১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
টানা দুই মেয়াদে ছিলেন শিক্ষামন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন নাহিদ।
তাঁর দায়িত্ব পালনকালে শিক্ষা খাতে বেশ কিছু পরিবর্তন ও উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কর্মসূচি সম্প্রসারণের সময় তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন।
এ ছাড়া ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইউনেস্কোর ৩৮তম সাধারণ সম্মেলনের সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়লেও পরে দলটির উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হন নাহিদ।
স্ত্রীসহ দুদকের অনুসন্ধানে নাহিদ
নূরুল ইসলাম নাহিদ ও তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। সর্বশেষ গত ১২ অক্টোবর নাহিদ ও তাঁর স্ত্রীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক।
সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে নাহিদের নামে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার এবং তাঁর স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।
এসব সম্পদের উৎস ও বৈধতা যাচাই করছে দুদক।

