অভিযানে ৭৩০টি গাড়ি ডাম্পিং, ৩৮২টি রেকার; সবচেয়ে বেশি মামলা উত্তরা বিভাগে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৬৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
বিভাগভিত্তিক মামলার চিত্র
ট্রাফিক-রমনা বিভাগে পাঁচটি বাস, দুটি ট্রাক, চারটি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ১০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ২০টি ট্রাক, পাঁচটি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ২২৭টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, একটি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ ২৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ৩৬টি ট্রাক, ৩৪টি কাভার্ড ভ্যান, ৮৬টি সিএনজি ও ১২৫টি মোটরসাইকেলসহ মোট ৪৪৭টি মামলা করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, তিনটি ট্রাক, তিনটি কাভার্ড ভ্যান, ৫৩টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ২৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, সাতটি ট্রাক, ৩২টি কাভার্ড ভ্যান, ৭৮টি সিএনজি ও ২৬৯টি মোটরসাইকেলসহ ৪৮০টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৯টি বাস, ১৩টি ট্রাক, ১৬টি কাভার্ড ভ্যান, ১০৩টি সিএনজি ও ১৯০টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৫৫৪টি মামলা হয়েছে। এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ২৬টি বাস, ২০টি ট্রাক, ৩২টি কাভার্ড ভ্যান, ৮২টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলসহ মোট ৪৯১টি মামলা করা হয়েছে।
ডাম্পিং ও রেকার ১ হাজার ১১২ গাড়ি
ডিএমপি জানায়, অভিযানকালে ৭৩০টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এ ছাড়া ৩৮২টি গাড়ি রেকার করা হয়েছে।

