বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গোয়েন্দা হেফাজতে

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে ছিলেন; বুধবার রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা সংস্থা

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যাওয়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাঁকে আটক করে একটি গোয়েন্দা সংস্থা।

মুফতি রুহুল আমিনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তিনি ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর তাঁকে ওই পদ থেকে অপসারণ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

‘কওমি জননী’ উপাধি দিয়ে সমালোচনায়

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মুফতি রুহুল আমিন। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনা

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গেলে তাঁকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।

ওই দিন খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তাঁর অনুসারীদের সঙ্গে মসজিদে উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় মসজিদের জানালা ও দরজারও ক্ষতি হয়।

সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের কথা জানায়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন