যানজট নিরসনে আগামী দুই মাসের মধ্যে ৫০টি পয়েন্টে সচল হবে এআই ট্রাফিক সিগন্যাল; মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় মনোরেল নেওয়ার সম্ভাবনা বিবেচনা
ঢাকার তীব্র যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোদমে কাজ শুরু করবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দুই মাসের মধ্যে সচল হবে এআই সিগন্যাল
প্রধানমন্ত্রী বলেন, নগরবাসী ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। তবে সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি। সরকার আশা করছে, আগামী দুই মাসের মধ্যেই এসব এআই সিগন্যাল সচল হবে।
তিনি বলেন, সিগন্যালগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
ঘনবসতিপূর্ণ এলাকায় মনোরেল চালুর ভাবনা
যানজট নিরসনে দীর্ঘমেয়াদি ও আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ইতোমধ্যে কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
প্রধানমন্ত্রী বলেন, মনোরেল অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গার মধ্য দিয়েও চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের সড়কগুলোতেও মনোরেল নেওয়া সম্ভব হতে পারে।

