গাজীপুরে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; দুই দিন শান্ত থাকার পর উত্তপ্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলও
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকালে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি স্থানে যানবাহন ভাঙচুরের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এদিকে টানা দুই দিন শান্ত থাকার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। হেমায়েতপুরের পদ্মার মোড়, আশুলিয়ার খেজুরবাগানসহ কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী শ্রমিকেরা।
গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের অবস্থান
পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া, চৌরাস্তা ও তিনসড়ক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে বাসা থেকে বের হন। কারখানায় পৌঁছানোর পর তাঁরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন।
একপর্যায়ে ভোগড়া এলাকার পাঁচটি কারখানাসহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটির পর শ্রমিকেরা দলবদ্ধভাবে কারখানা থেকে বের হয়ে ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সড়কের পাশের বিভিন্ন স্থান ও অলিগলির মুখেও অবস্থান নিতে দেখা যায়।
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাসসহ কয়েকটি স্থানে যানবাহন ভাঙচুরের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আন্দোলনের কারণে কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি কারখানা আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে ভোগড়া এলাকার পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর বেশ কিছু শ্রমিক মহাসড়কে নেমে আসেন।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। মহাসড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
সাভার-আশুলিয়ায় আবারও উত্তেজনা
দুই দিন পরিস্থিতি শান্ত থাকার পর মঙ্গলবার সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
সূত্রের তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আশপাশের সড়ক ও অলিগলিতে অবস্থান নেন। পরে ওই এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাওয়া যায়।
এদিকে আশপাশের কয়েকটি কারখানায় শ্রমিকেরা প্রবেশ করলেও ভেতরে কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।
অন্যদিকে সকাল সাড়ে ৮টার পর আশুলিয়ার খেজুরবাগান এলাকায়ও শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
ফুলবাড়িয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সাভারের ফুলবাড়িয়া এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে আন্দোলনকারী পোশাকশ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিল্পাঞ্চলে বন্ধ কারখানার সংখ্যা কমেছে
শিল্প পুলিশের একটি সূত্র জানায়, গত দুই দিন পরিস্থিতি শান্ত থাকায় শিল্পাঞ্চলে বন্ধ থাকা কারখানার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে তাৎক্ষণিকভাবে বন্ধ কারখানার মোট সংখ্যা জানাতে পারেনি সূত্রটি।
পুলিশের আরেকটি সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় আটটি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কয়েকটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করলেও সেগুলোর সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।

