সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার নয়: তথ্য প্রতিমন্ত্রী

সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠকে এ কথা বলেন ইয়াসের খান চৌধুরী

গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

‘ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস করছে এবং গণহত্যা করে পালিয়ে গেছেন, তাঁদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না।

তিনি বলেন, সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো সংবাদ প্রচারের জন্য সরকার কখনো চাপ দেয়নি, কিংবা কোনো সংস্থাও সংবাদ প্রত্যাহারের জন্য চাপ দেয়নি।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সরকারের অবস্থান

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, গত ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের গুম ও তুলে নেওয়া হয়েছে। বর্তমান সরকার এমন কিছু করবে না। তবে ফ্যাসিবাদকে যেন প্রশ্রয় দেওয়া না হয়, সে আহ্বান জানান তিনি।

অনলাইন গণমাধ্যমের ভূমিকা

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে। এ ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, সরকার তা সব সময় দেখতে চায়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন