সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জাপানের অর্থায়নে অগৈলঝাড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

৭৭ হাজার ৪০২ ডলার অনুদানে অগৈলঝাড়ায় নির্মিত কেন্দ্র; বছরে প্রশিক্ষণ ও বিভিন্ন সেবার মাধ্যমে উপকৃত হবেন প্রায় ২ হাজার ৮০০ মানুষ

বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণের বিস্তার, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বরিশালের অগৈলঝাড়ায় কমিউনিটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। জাপান সরকারের অর্থায়নে নির্মিত এ কেন্দ্র থেকে প্রতি বছর প্রায় ২ হাজার ৮০০ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার অগৈলঝাড়া উপজেলায় বেসরকারি সংস্থা ‘ট্রেনিং অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রুরাল অ্যাডভান্সমেন্ট’ (তরঙ্গ)-এর নবনির্মিত ‘কমিউনিটি স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার’-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

৭৭ হাজার ডলার অনুদানে নির্মিত কেন্দ্র

জাপান সরকারের ‘গ্রান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাস-রুটস প্রজেক্টস’ (জিজিপি) কর্মসূচির আওতায় ৭৭ হাজার ৪০২ মার্কিন ডলার অনুদানে কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে একটি দোতলা ভবন। নিম্নবিত্ত পরিবারের নারীদের কারিগরি প্রশিক্ষণের জন্য বসানো হয়েছে সাতটি সেলাই মেশিন।

উদ্যোগটির মূল লক্ষ্য পিছিয়ে পড়া নারীদের ব্যবহারিক দক্ষতা বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং টেকসই জীবিকার মাধ্যমে আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পথ সুগম করা।

কেন্দ্রটি শুধু নারীদের জন্য নয়, স্থানীয় সম্প্রদায়ের অন্য সদস্যদের জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা প্রকাশ করেন জাপানি রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘আমি আশা করি, এই কেন্দ্রটি এমন একটি স্থান হয়ে উঠবে, যেখানে নারী ও স্থানীয় বাসিন্দারা তাঁদের মেধার বিকাশ ঘটাতে পারবেন এবং নতুন সম্ভাবনাগুলো উন্মোচন করতে পারবেন।’

প্রশিক্ষণের পাশাপাশি দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র

দূতাবাসের তথ্যমতে, অগৈলঝাড়া এলাকা বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, এ অঞ্চলের নারীদের শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও আয়বর্ধক কর্মকাণ্ডের সুযোগও সীমিত।

‘তরঙ্গ’-এর ১৯৯০ সালে নির্মিত পুরোনো প্রশিক্ষণ কেন্দ্রটি বছরের পর বছর জরাজীর্ণ হয়ে পড়েছিল। এতে নিরাপত্তাঝুঁকি বাড়ার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জনের সুযোগও সীমিত হয়ে পড়ে। পর্যাপ্ত জায়গার অভাবে প্রতি বছর প্রায় ১৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হতেন। পাশাপাশি বিদ্যমান স্বাস্থ্যসেবা সুবিধাও ছিল অপর্যাপ্ত।

নতুন কেন্দ্রটিতে হস্তশিল্প ও তথ্য-যোগাযোগ প্রযুক্তিতে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি জেন্ডার সচেতনতা কর্মসূচি, বালিকা শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে। এসব সুবিধার মাধ্যমে প্রতি বছর প্রায় ২ হাজার ৮০০ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

শিক্ষা ও জীবিকা উন্নয়নের পাশাপাশি বন্যার সময় ভবনটি প্রায় ৩০০ স্থানীয় বাসিন্দার জন্য জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যাবে। ফলে কেন্দ্রটি স্থানীয় জনগোষ্ঠীর মৌলিক সেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে জাপানের তৃণমূল উন্নয়ন সহায়তা

দূতাবাস জানায়, মানবনিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তৃণমূল পর্যায়ের উন্নয়নমূলক উদ্যোগে সহায়তা দিতে জাপান প্রতিশ্রুতিবদ্ধ।

১৯৮৯ সাল থেকে জিজিপি কর্মসূচির আওতায় বাংলাদেশে বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে বাস্তবায়িত ২২৪টি প্রকল্পে সহায়তা দিয়েছে জাপান। এসব প্রকল্পে মোট অনুদানের পরিমাণ প্রায় ১ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার (১৭ দশমিক ৮ মিলিয়ন ডলার)।

কর্মসূচিটির মূল লক্ষ্য হলো সম্প্রদায় ও তৃণমূল পর্যায়ে সেবার মান ও সুযোগ বাড়ানো, অর্থনৈতিক সম্ভাবনা তৈরি এবং দেশের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা করা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন