সার্ভার জটিলতায় অক্টোবরের অনলাইন রিটার্ন দাখিল ব্যাহত হওয়ায় সুদ-জরিমানা ছাড়াই সময় পেলেন করদাতারা
সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্ধিত সময়ের মধ্যে করদাতারা সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন।
সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট (eVAT) সিস্টেমে একসঙ্গে ব্যবহারকারীর সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় সার্ভার জটিলতা দেখা দেয়। এর ফলে করদাতাদের অক্টোবর ২০২৬ করমেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দাখিলের কার্যক্রম ব্যাহত হয়।
এ পরিস্থিতিতে জনস্বার্থে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন দাখিলের সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

