দেশের ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ; সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত এ তথ্য জানান। সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ৭১ বিধির আওতায় উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।
সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় সরকারের লক্ষ্য
প্রতিমন্ত্রী বলেন, সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়নের আলোকে সরকারের লক্ষ্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দিতে সরকার কাজ করছে।
অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।
বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ
চিকিৎসকের শূন্য পদ পূরণে ৪৬তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান প্রতিমন্ত্রী।
নার্স ও মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ
নার্স সংকট নিরসনে সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণের কার্যক্রমও চলমান রয়েছে। প্রতিমন্ত্রী জানান, ৮২৮টি পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া ১ হাজার ৫৬৬টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। আরও ১ হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাব নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে।
মিডওয়াইফ পদে ৫৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তাঁদের পুলিশ ভেরিফিকেশন চলছে। এ ছাড়া আরও ১ হাজার ২৫৬টি মিডওয়াইফ পদে নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি।

