রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবাকে রোগের চিকিৎসায় সীমাবদ্ধ না রেখে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ ও চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্যসেবাকে কেবল রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে আগেই রোগ প্রতিরোধ করা অনেক বেশি কার্যকর।

মন্ত্রী বলেন, রোগের চিকিৎসা নিতে গিয়ে একজন মানুষকে আর্থিক ব্যয়ের পাশাপাশি শারীরিক ও মানসিক ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়। এ কারণে মানুষ অসুস্থ হওয়ার আগেই যেন প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে জনস্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে সরকার।

আজ সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যানসার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

এর অংশ হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল প্রতিষ্ঠা, শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং ক্যানসার হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের রোগীদের অন্য অঞ্চলে যাওয়ার প্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে নির্মাণাধীন ক্যানসার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন।

এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী জানুয়ারি থেকে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে।

স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্য

মন্ত্রী বলেন, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। সরকার স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সিলেট অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু নতুন অবকাঠামো নির্মাণ করলেই হবে না, বিদ্যমান হাসপাতালগুলোর সেবার মানও নিশ্চিত করতে হবে। এ হাসপাতালে সেবার ক্ষেত্রে যেসব অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে, সেগুলো দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

৪০ রোগীর হিসাবে যাচ্ছে এক লাখ টাকা করে

ক্যানসার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশেষ করে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়। এতে অনেক পরিবারকে বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়তে হয়।

তিনি বলেন, সরকার প্রদত্ত এককালীন ১ লাখ টাকা চিকিৎসার সম্পূর্ণ ব্যয় মেটানোর জন্য যথেষ্ট না হলেও রোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

মন্ত্রী জানান, আজ সিলেট সদর উপজেলার ৪০ জন রোগীর ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে সরাসরি এ অর্থ পাঠানো হচ্ছে। আগামী শুক্রবার সিলেট সিটি করপোরেশন এলাকার আরও ৫২ জন রোগীকে এ সহায়তা দেওয়ার উদ্যোগ রয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতা আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন