৫০৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা; ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গড়ে তোলা হবে ১৬ হাজারের বেশি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হাব
দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা বাড়ানো এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার অবকাঠামো শক্তিশালী করতে প্রায় ৫৬ হাজার ৭৫০ কোটি ৬৪ লাখ টাকার দুটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্প দুটির মাধ্যমে স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ ও সংস্কারের পাশাপাশি গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৯ সালের নভেম্বরের মধ্যে প্রকল্প দুটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ পরিকল্পনা কমিশনের নথি অনুযায়ী, ‘বাংলাদেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের অবকাঠামো নির্মাণ, পুনঃনির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ন এবং মেরামত ও সংস্কার কাজ’ শীর্ষক প্রথম প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৪৪ হাজার ৭৫৭ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা।
দ্বিতীয় প্রকল্পটির নাম ‘বাংলাদেশের সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ন এবং মেরামত ও সংস্কার কাজ’। এর প্রস্তাবিত ব্যয় ১১ হাজার ৯৯৩ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকা।
প্রকল্প দুটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। তবে অনুমোদনের আগে বাস্তবায়ন ব্যবস্থা, নির্মাণ ব্যয়, ক্রয় পরিকল্পনা, জনবল চাহিদা ও পরিবেশগত সুরক্ষাব্যবস্থা আরও গভীরভাবে পর্যালোচনার সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।
৫০৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫১ শয্যার পরিকল্পনা
বাসসের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা পেয়েছে, যেখানে অবকাঠামো, যন্ত্রপাতি ও জনবলের ঘাটতি রয়েছে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বছরের পর বছর মেরামত বা সংস্কার করা হয়নি।
তিনি বলেন, বর্তমানে অনেক এলাকার জন্য বিদ্যমান ৩০ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আর যথেষ্ট নয়। কারণ জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোনো কোনো উপজেলায় বর্তমানে ৮ থেকে ১০ লাখ মানুষ বসবাস করছেন।
স্বাস্থ্য খাত পুনর্গঠনের বড় উদ্যোগের অংশ হিসেবে দেশের ৫০৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সব সুযোগ-সুবিধাসম্পন্ন ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তরের একটি ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোও পুনর্নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। বৃহত্তর সংস্কার কর্মসূচিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে কেন্দ্রে রাখা হয়েছে। এর লক্ষ্য উপজেলা হাসপাতালগুলোতে মাতৃ ও শিশুস্বাস্থ্যসহ সাধারণ ও মাঝারি জটিলতার প্রায় ৮০ শতাংশ রোগের চিকিৎসা নিশ্চিত করা, যাতে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোর ওপর চাপ কমে।
উপজেলা হাসপাতালগুলোতে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন
পরিকল্পনা কমিশনের নথি অনুযায়ী, ৪৪ হাজার ৭৫৭ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার প্রথম প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর। নির্মাণকাজ করবে গণপূর্ত অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
প্রকল্পের আওতায় ৫১ শয্যাবিশিষ্ট ১৮টি, ১০১ শয্যাবিশিষ্ট ৩০৫টি, ১৩২ শয্যাবিশিষ্ট ৮৩টি, ১২০ শয্যাবিশিষ্ট ১৩টি এবং ১৫১ শয্যাবিশিষ্ট ২৪টি উপজেলা হাসপাতাল নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৪৪৩টি উপজেলায় সমন্বিত বহুতল সেবাভবন এবং ১৫টি উপজেলায় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীর জন্য আবাসিক সুবিধা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ ভবন প্রতিস্থাপন, কাঠামোগতভাবে উপযুক্ত ভবনের প্রয়োজনীয় সংস্কার এবং বিদ্যমান অবকাঠামো পুনর্নির্মাণ করা হবে। পাশাপাশি অভ্যন্তরীণ সড়ক, সীমানাপ্রাচীর, ফটক, নিরাপত্তাকক্ষ, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও বিদ্যুৎ নেটওয়ার্কের উন্নয়ন করা হবে।
এসব হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ওয়ান-স্টপ জরুরি সেবা কেন্দ্র, আধুনিক অপারেশন থিয়েটার, মাতৃ ও নবজাতক সেবা, কিডনি ডায়ালাইসিস, চক্ষু চিকিৎসা, ক্যানসার স্ক্রিনিং এবং নারী ও পুরুষ রোগীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেবার ব্যবস্থা থাকবে।
এ ছাড়া কেন্দ্রীয় মেডিকেল গ্যাস সরবরাহ ব্যবস্থা, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃশোধনাগার, অগ্নিনিরাপত্তা, সৌরবিদ্যুৎ ও বিকল্প বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটরের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উন্নত অবকাঠামো ও চিকিৎসাসেবা মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতেও সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে ১৬ হাজারের বেশি স্বাস্থ্যসেবা স্থাপনা
১১ হাজার ৯৯৩ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ের দ্বিতীয় প্রকল্পটিও বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর। এর নির্মাণকাজ সম্পন্ন করবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
প্রকল্পটির আওতায় ১৪ হাজার ৬৩৪টি প্রাথমিক স্বাস্থ্যসেবা হাব এবং ১ হাজার ৬৩১টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
হাবগুলোর মধ্যে ৫ হাজার ৯৩৬টি পুনর্নির্মাণ, ৮ হাজার ৩৪৮টি মেরামত বা নবরূপায়ন এবং ৩৫০টি নতুন করে নির্মাণ করা হবে। অন্যদিকে, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর মধ্যে ৪২৮টি পুনর্নির্মাণ, ৬০৫টি মেরামত বা নবরূপায়ন এবং ৫৯৮টি নতুন করে নির্মাণ করা হবে।
নতুন বা পুনর্নির্মিত ৬ হাজার ২৮৬টি হাব এবং ১ হাজার ২৬টি কেন্দ্রের জন্য আসবাবপত্র সরবরাহ করা হবে। পাশাপাশি ১ হাজার ২৬টি কেন্দ্রের জন্য চিকিৎসা সরঞ্জাম দেওয়া হবে।
এসব প্রতিষ্ঠানে নিরাপদ পানি, বিদ্যুৎ অথবা সৌরবিদ্যুৎ, স্যানিটেশন, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, অগ্নিনিরাপত্তা ও প্রবেশপথের মতো প্রয়োজনীয় সহায়ক সুবিধাও থাকবে।
সম্প্রসারিত এ নেটওয়ার্কের মাধ্যমে মাতৃ ও শিশুস্বাস্থ্য, নারীদের স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা, মৌলিক পরীক্ষাগার, ফার্মেসি সেবা এবং উচ্চতর পর্যায়ের হাসপাতালের সঙ্গে রেফারেল সংযোগ জোরদার করা হবে।
পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে বিদ্যমান ৪০ হাজার স্বাস্থ্যকর্মীর পাশাপাশি পর্যায়ক্রমে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। এতে মোট স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রায় এক লাখ ৪০ হাজারে উন্নীত হবে।
তিনি জানান, প্রথম পর্যায়ে ৩০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে চলছে। তাঁদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে, যাতে তাঁরা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রে কাজ করতে পারেন।
এসব স্বাস্থ্যকর্মী নিয়মিত বাড়ি বাড়ি যাবেন। অন্তত প্রতি দুই মাসে একবার বাড়ি পরিদর্শন করে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেবেন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং যেসব রোগীর আরও চিকিৎসা প্রয়োজন, তাঁদের শনাক্ত করে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করবেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা শুধু মানুষের দোরগোড়ায় নয়, বরং মানুষের ঘরের ভেতরেই স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।’

