শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সড়ক টানেল হচ্ছে নরওয়েতে

২৭ কিলোমিটার দীর্ঘ ‘রগফাস্ট’ টানেলের নির্মাণ ব্যয় ২৪০ কোটি ডলার, কাজ শেষ হবে ২০৩৩ সালে

সমুদ্রের তলদেশে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সড়ক টানেল নির্মাণ করছে নরওয়ে। প্রধান শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় কমানো এবং দেশটির পশ্চিম উপকূল বরাবর ফেরিবিহীন মহাসড়ক গড়ে তোলার লক্ষ্যে নির্মিত হচ্ছে ২৭ কিলোমিটার দীর্ঘ ‘রগফাস্ট’ টানেল। সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৩৯২ মিটার গভীরে অবস্থিত হবে এই টানেল। প্রায় ২৪০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটির কাজ ২০৩৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

নামকরণ ও নির্মাণের ইতিহাস

নরওয়েজীয় শব্দ ‘রগাল্যান্ড’—অঞ্চলের নাম—এবং ‘ফাস্টফরবিনডেলসে’—স্থায়ী সংযোগ—মিলিয়ে টানেলটির নাম রাখা হয়েছে রগফাস্ট। ২০১৮ সালে এর নির্মাণকাজ শুরু হলেও ব্যয় বৃদ্ধির আশঙ্কায় ২০১৯ সালে তা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে নতুন পরিকল্পনায় ২০২১ সালের শেষ দিকে আবারও কাজ শুরু হয়।

থাকবে চার লেন ও জোড়া গোলচত্বর

শুধু যানবাহন চলাচলের উপযোগী এই টানেলে দুটি পৃথক সুড়ঙ্গ বা টিউব থাকবে। প্রতিটি টিউবে থাকবে দুটি করে লেন। এর অন্যতম বিশেষত্ব হলো, সমুদ্রপৃষ্ঠের ২৬০ মিটার গভীরে টানেলের মাঝামাঝি স্থানে নির্মিত হবে একটি ‘ডাবল রাউন্ডঅ্যাবাউট’ বা জোড়া গোলচত্বর। এটি নরওয়ের ক্ষুদ্রতম পৌরসভা কিটসয় দ্বীপের সংযোগকারী টানেলের সঙ্গে যুক্ত হবে।

নিখুঁত সংযোগে লেজার প্রযুক্তি

টানেলটির দুই প্রান্ত থেকে একই সঙ্গে খননকাজ চলছে। প্রকৌশলীদের লক্ষ্য, দুই দিক থেকে খনন করে টানেলের ঠিক মাঝখানে মাত্র ৫ সেন্টিমিটার ত্রুটিসীমার মধ্যে সুড়ঙ্গ দুটিকে যুক্ত করা। এ জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ লেজার স্ক্যানার। এটি প্রতি সেকেন্ডে ২০ লাখ তথ্য সংগ্রহ করে টানেলের একটি ‘ডিজিটাল টুইন’ তৈরি করছে।

টানেলের ভেতরে স্বাভাবিক বায়ু চলাচল নিশ্চিত করতে কিটসয় পর্যন্ত বিশেষ ভেন্টিলেশন পাইপ ও ফ্যান স্থাপন করা হচ্ছে। নিরাপত্তার জন্য থাকছে ক্যামেরা, রাডার ও তাৎক্ষণিক সতর্কবার্তা ব্যবস্থা। তবে সমুদ্রের এত গভীরে পাথরের ফাটল বন্ধ করে লোনা পানি চুইয়ে পড়া ঠেকানোই প্রকৌশলীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

কমবে বার্গেন-স্টাভাঞ্জার যাত্রার সময়

নরওয়ের ১ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ ই-৩৯ উপকূলীয় মহাসড়ক সংস্কার প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ রগফাস্ট। বর্তমানে পুরো পথ পাড়ি দিতে সাতটি ফেরি পারাপারসহ প্রায় ২১ ঘণ্টা সময় লাগে। টানেলটি চালু হলে বার্গেন ও স্টাভাঞ্জার শহরের মধ্যে যাতায়াতের সময় প্রায় ৪০ মিনিট কমে যাবে।

প্রকল্প ব্যবস্থাপক অ্যান ব্রিট মোয়েন জানান, এই টানেল স্থানীয় অর্থনীতি, মৎস্যশিল্প ও কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।

গড়বে নতুন বিশ্বরেকর্ড

বর্তমানে জাপানের ‘সেইকান’ টানেল সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪০ মিটার গভীরে এবং ইংল্যান্ড-ফ্রান্সের ‘চ্যানেল টানেল’ ১১৫ মিটার গভীরে অবস্থিত। তবে এগুলো কেবল রেল চলাচলের জন্য ব্যবহৃত হয়। ফলে নির্মাণ শেষ হলে দীর্ঘতম ও গভীরতম সমুদ্রগর্ভস্থ সড়ক টানেল হিসেবে নতুন বিশ্বরেকর্ড গড়বে রগফাস্ট।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন