শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নিউ অরলিন্স বন্দরে প্রমোদতরী-ট্যাংকার সংঘর্ষ, আহত ৩২

নিউ অরলিন্স বন্দরে দুর্ঘটনায় প্রাণহানি বা কেউ নিখোঁজ হননি; জাহাজে ছিলেন প্রায় ১৮০ থেকে ১৯০ যাত্রী ও ক্রু

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরের মিসিসিপি নদী বন্দরে নোঙর করে থাকা একটি বিলাসবহুল প্যাডেল হুইলার প্রমোদতরীর সঙ্গে একটি ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। এতে প্রমোদতরীটি একদিকে কাত হয়ে ডুবে যায়। এ ঘটনায় ৩২ জন আহত হলেও কেউ নিহত বা নিখোঁজ হননি।

শুক্রবারের এ দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত জাহাজ থেকে নামার চেষ্টা করলে হুড়োহুড়ি শুরু হয়। এতে বেশ কয়েকজন নদীতে পড়ে যান। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

উদ্ধার তৎপরতা ও আহত যাত্রী

এক সংবাদ সম্মেলনে নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরিনো জানান, পানিতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধারে বন্দরের কর্মী, দমকলকর্মী ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে আসেন। ধাক্কা খাওয়া প্রমোদতরীটির সব যাত্রীর খোঁজ পাওয়া গেছে।

কেউ নিখোঁজ বা নিহত না হওয়ায় ঘটনাটিকে ‘মিসিসিপিতে অলৌকিক ঘটনা’ বলে বর্ণনা করেন মেয়র। তিনি জানান, আমেরিকান ক্রুজ লাইন্সের প্যাডেল হুইলার ‘আমেরিকান হ্যারিটেজ’-এর ৩২ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের কারও আঘাত গুরুতর নয়।

দুর্ঘটনার সময় জাহাজটিতে প্রায় ১৮০ থেকে ১৯০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন বলে জানান তিনি। আমেরিকান ক্রুজ লাইন্সের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, জাহাজটির যাত্রী ধারণক্ষমতা ১৫০ জন এবং এটি ২০১৫ সালে তৈরি করা হয়।

যেভাবে ঘটল দুর্ঘটনা

মোরিনো জানান, শুক্রবার দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ‘আটলান্টিক অ্যাসফল্ট’ নামের ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে নোঙর করে থাকা প্রমোদতরীটিকে ধাক্কা দেয়। এরপর যাত্রীরা দ্রুত জাহাজ থেকে নামতে শুরু করেন। একপর্যায়ে প্রমোদতরীটি একদিকে কাত হয়ে উল্টে যায় এবং কয়েকজন নদীতে পড়ে যান।

নিউ অরলিন্স বন্দরের পুলিশ প্রধান মেলানি মনট্রেয়াল জানান, আমেরিকান হ্যারিটেজ ডুবে যাওয়ার আগে প্রায় ৮৭ জন যাত্রী জাহাজটি থেকে নেমে যেতে সক্ষম হন।

নৌযান চলাচল বন্ধ, তদন্ত শুরু

দুর্ঘটনায় প্রাণহানি এড়াতে দ্রুত সাড়া দেওয়ায় স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল পর্যায়ের কর্মীদের পাশাপাশি আশপাশের নৌযানে থাকা প্রত্যক্ষদর্শীদের কৃতিত্ব দেন মেয়র মোরিনো।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এক ইমেইল বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের পর আশপাশের এলাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহ্যাম স্থানীয় সংবাদমাধ্যম নিউ অরলিন্স অ্যাডভোকেটকে জানান, ট্যাংকারটির স্টিয়ারিং ব্যবস্থায় কোনো ধরনের ত্রুটি হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আমেরিকান ক্রুজ লাইন্স এক ইমেইল বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে কোস্টগার্ড ও স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছে তারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন