শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

হরমুজে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার মধ্যে দুই তেলবাহী জাহাজে আগুন

অনুমতি ছাড়া নির্ধারিত পথের বাইরে দিয়ে যাওয়ার সময় মাইনে আঘাত লাগে বলে দাবি ইরানের

হরমুজ প্রণালীতে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার তারা এ তথ্য জানায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে বর্তমানে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে রেখেছে তেহরান।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোকে ইরানের অনুমতি নেওয়ার দাবি জানিয়ে আসছে তেহরান। এ নির্দেশ অমান্য করা জাহাজগুলোর ওপর হামলাও চালিয়েছে দেশটি।

অনুমতি ছাড়া চলাচলের অভিযোগ

শনিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানায়, দুটি তেলবাহী জাহাজ তাদের রাডার ও অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে অনুমতি ছাড়া নির্ধারিত পথের বাইরে দিয়ে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল।

বিবৃতিতে বলা হয়, এ সময় নৌমাইনের আঘাতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এর মধ্যে একটি জাহাজকে সুপারট্যাংকার হিসেবে উল্লেখ করেছে ইরানের বাহিনী। এ ধরনের জাহাজ বিপুল পরিমাণ তেল পরিবহনে সক্ষম।

আগেও জাহাজে আগুনের ভিডিও প্রকাশ

এর আগে শুক্রবার বিপ্লবী গার্ড বাহিনী একটি জাহাজ থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ওঠার ভিডিও প্রকাশ করে। তাদের দাবি, জাহাজটি তরলীকৃত গ্যাস বহন করছিল এবং হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে একটি মাইনের আঘাতে সেটিতে আগুন ধরে যায়।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীর প্রধান নৌপথগুলো থেকে তারা মাইন অপসারণ করেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন