পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও ইরান ইস্যুতে আলোচনার সম্ভাবনা, তবে কোনো চুক্তির আশা দেখছেন না মার্কিন কর্মকর্তা
চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্বের তিন বৃহৎ শক্তির নেতাদের এই বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং ইরানসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় আলোচনায় আসতে পারে।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, এপেক শীর্ষ সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণের সময় শেনজেনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তাঁর ভাষ্য, ট্রাম্প পারমাণবিক অস্ত্রের বিস্তারকে অত্যন্ত বিপজ্জনক মনে করেন এবং এ সফরে বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
ইরান প্রসঙ্গ আসতে পারে, ইউক্রেন নয়
ধারণা করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের বৈঠকে ইরান প্রসঙ্গও উঠতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে। এ বিষয়ে মস্কো ও বেইজিং এখনো কোনো মন্তব্য করেনি।
বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই আলোচনা থেকে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। ২১ সদস্যের এপেকের দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বুধবার গভীর রাতে শেনজেনে পৌঁছাবেন।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট এবং রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্প তাঁর চীন সফর শেষ করবেন।
শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন ট্রাম্প
শেনজেনে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাঁদের চতুর্থ বৈঠক।
ট্রাম্পের সফরসূচিতে মঙ্গলবার ফিলিপাইনে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কর্মসূচিও রয়েছে। ওয়েলস বলেন, এ সফর আমেরিকান জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেবে।
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক একটি চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভান্ডারগুলোর ওপর বড় ধরনের বিধিনিষেধ আর কার্যকর নেই। স্নায়ুযুদ্ধের অবসানের পর দুই দেশের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণে সহযোগিতার যে কাঠামো গড়ে উঠেছিল, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তা কার্যত ভেঙে পড়েছে।
জাতিসংঘ উভয় পক্ষকে বিলম্ব না করে নতুন একটি কাঠামোর বিষয়ে একমত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, চীনকে অন্তর্ভুক্ত করে আরও ভালো একটি চুক্তির মাধ্যমে আগের চুক্তির বিকল্প তৈরি করা যেতে পারে। এরই মধ্যে চীন তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে।
এর আগে সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকেরা বলেছিলেন, এ বিষয়ে বেইজিং ও মস্কোর সহযোগিতা আদায়ের চেষ্টা বড় বাধার মুখে পড়তে পারে এবং এতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।
চীন-রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যোগাযোগ
চলতি বছরের শুরুর দিকে কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আলাদাভাবে স্বাগত জানান শি জিনপিং। অন্যদিকে, গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনা সমকক্ষকে স্বাগত জানান ট্রাম্প।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে জানিয়েছে, এপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিং বিভিন্ন দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। তবে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে চীনের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে চলতি মাসের শুরুতে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এপেক সম্মেলনে এ ধরনের আলোচনার প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেছে।

