পারিবারিক কলহের জেরে মারামারি; আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে স্বামীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক
মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে মারামারির ঘটনায় স্ত্রীর লাঠির আঘাতে তারা মিয়া শেখ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী খাদিজা বেগমকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর নাগরদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া শেখ একই এলাকার আয়নাল শেখের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পারিবারিক কলহ থেকে মারামারি
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহ নিয়ে বুধবার দুপুরে তারা মিয়া শেখ ও তার স্ত্রী খাদিজা বেগমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। এ সময় খাদিজা তার স্বামীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তারা মিয়া।
পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আটক স্ত্রীও আহত
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী খাদিজা বেগমকে আটক করা হয়েছে। তিনিও আহত হওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি।

