বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২

এইডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে। তাঁদের মধ্যে ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৮৬১ জন।

বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৩ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৫, খুলনা বিভাগে ১২৯, রাজশাহী বিভাগে ১১৮, বরিশাল বিভাগে ১১৪, রংপুর বিভাগে ৫৫, ময়মনসিংহ বিভাগে ৪৩ এবং সিলেট বিভাগে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুর আগের বছরের চিত্র

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ওই বছর ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

ডেঙ্গু প্রতিরোধে করণীয়

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। পাশাপাশি জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন তাঁরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন