মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষাগারে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে সর্বোচ্চ তিনজন করে রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের সবাই হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগীর মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

২৪ ঘণ্টায় সন্দেহজনক রোগী ১ হাজার ২৮৩ জন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮৩ জন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৬ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে ঢাকায় ৪৩ জন এবং সিলেটে ২৫ জন রয়েছেন।

এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৩৯ জন।

চলতি বছরে মৃত্যু ১ হাজার ৩৬১

স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক এবং ২৬ হাজার ৩০০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

এ সময়ে সন্দেহজনক হামে ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনসহ মোট ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন