যুক্তরাষ্ট্রে ১১ ডিসেম্বর ফের শাটডাউনের শঙ্কা; যুদ্ধের অর্থ বন্ধের বিনিময়ে পেন্টাগনের জন্য নতুন বরাদ্দের প্রস্তাব নিয়ে আলোচনা
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া (শাটডাউন) ঠেকাতে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার কথা ভাবছেন সিনেটের রিপাবলিকান সদস্যরা। এ সমঝোতার আওতায় ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থায়ন বন্ধ করা হতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগনের জন্য নতুন করে অর্থ বরাদ্দ দেওয়া হতে পারে।
দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের অর্থায়ন বন্ধের বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছেন। আগামী ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কার্যক্রম আবারও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি এড়াতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে অত্যন্ত অজনপ্রিয় এই যুদ্ধের কারণে রিপাবলিকান নেতাদের কেউ কেউ সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য অর্থ বরাদ্দের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছেন। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনেও এই যুদ্ধের ভূমিকা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অর্থ বরাদ্দ নিয়ে অবস্থান বদলাচ্ছেন কলিন্স
নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছেন এমন নেতাদের মধ্যে রয়েছেন রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স। তিনি সিনেটের বরাদ্দবিষয়ক কমিটির চেয়ারম্যান। সাম্প্রতিক নির্বাচনে নিজের আসন হারানোয় আগামী জানুয়ারিতে কংগ্রেস ছাড়বেন তিনি।
কলিন্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত মারাত্মকভাবে কমে গেছে। এই মজুত আবার পূরণ করার সুযোগ রেখে একটি আইন প্রণয়নের কথা ভাবছেন তিনি। তবে ওই আইনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কোনো অর্থ বরাদ্দ রাখা হবে না।
সিনেটে রিপাবলিকান দলের হুইপ জন থুনও এ ধরনের সমঝোতার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তিনি এমন যেকোনো সমঝোতায় আগ্রহী, যা সরকারের অর্থায়ন অব্যাহত রাখবে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তার প্রয়োজন মেটাবে।
যুদ্ধের অর্থ বন্ধে ডেমোক্র্যাটদের প্রস্তাব
ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন জানিয়েছেন, তার দলের একদল সদস্য একটি প্রস্তাব চূড়ান্ত করেছেন। এর লক্ষ্য ইরানের বিরুদ্ধে যেকোনো আক্রমণাত্মক সামরিক অভিযানে অর্থের ব্যবহার বন্ধ করা। তবে প্রস্তাবে শর্ত রাখা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ পরিচালনার জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষার জন্য অর্থ বরাদ্দের সুযোগ রাখা হয়েছে। কোনো হামলার ঘটনা ঘটলে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজেও অর্থ ব্যয় করা যাবে।
ডেমোক্র্যাট সিনেটর প্যাটি মারে নিশ্চিত করেছেন, প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে। তবে সিনেট ও প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা এটি মেনে নেবেন কি না, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। একইভাবে প্রেসিডেন্ট ট্রাম্প এতে স্বাক্ষর করবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘মিস্টার ভেটো’ বলে উল্লেখ করেন ট্রাম্প।
এ ছাড়া ট্রাম্প প্রশাসন অর্থায়নের বিকল্প উৎস খুঁজতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
কংগ্রেসের হাতে সামরিক ব্যয় নিয়ন্ত্রণের সুযোগ
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনী পরিচালনার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টরা ব্যাপক ক্ষমতার দাবি করলেও অতীতেও কংগ্রেস ব্যয়সংক্রান্ত আইন ব্যবহার করে বিভিন্ন সামরিক সংঘাতে অর্থায়ন বন্ধ করেছে।
এ পরিস্থিতিতে ডেমোক্র্যাটরা আগামী বছরের শুরুর দিক পর্যন্ত সরকারের অস্থায়ী অর্থায়নের পক্ষে অবস্থান নিয়েছেন। ওই সময়ের মধ্যে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ তাদের হাতে আসবে। প্রতিরক্ষা বাজেটের ওপর নিজেদের প্রভাব বাড়াতেই তারা এমন উদ্যোগ নিচ্ছেন।
অন্যদিকে রিপাবলিকানরা জানুয়ারির আগেই কয়েকটি বার্ষিক ব্যয় বিল পাস করাতে চাইছেন। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার নীতিনির্ধারণে নিজেদের প্রভাব ধরে রাখার শেষ চেষ্টা করছেন তারা।

