মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পাঁচ ধাপের ইউপি নির্বাচন সামনে রেখে তথ্য সংগ্রহে ইসি

২৫ নভেম্বরের মধ্যে জেলা ভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটারের তথ্য পাঠানোর নির্দেশ; ৫০৮ উপজেলার ৪ হাজার ৩৩২ ইউনিয়নে ভোটের পরিকল্পনা

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে পাঁচ ধাপের জেলা ভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটারসংখ্যার তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ নভেম্বরের মধ্যে এসব তথ্য নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি সামগ্রী বিতরণের পরিকল্পনা প্রণয়নের জন্য পাঁচ ধাপের জেলা ভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটারসংখ্যার তথ্য প্রয়োজন। এ তথ্য সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা অথবা জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করে আগামী ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের পরিকল্পনা

সম্প্রতি পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি।

তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।

ভোটের সম্ভাব্য তারিখ

নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন